পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান ও মাসুদ, শীর্ষ শ্রেণিতে বাবর ও আগা
কেন্দ্রীয় চুক্তির তালিকায় বড় ধরনের রদবদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
শনিবার ঘোষিত নতুন তালিকায় চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে।
এই ঘোষণা এল এমন এক সময়ে, যখন তার আগের দিন রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে দুই বছরের মধ্যে প্রথম সিরিজ জয় পেয়েছে পাকিস্তান।
পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ সংবাদমাধ্যমকে বলেন, নতুন খেলোয়াড়দের পরীক্ষা করা হচ্ছে এবং এই চুক্তিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে খেলোয়াড়েরা নিজেদের নির্দিষ্ট সংস্করণে মনোযোগ দিতে পারেন।
রিজওয়ান ও মাসুদ ছাড়া সাদা বলের বিশেষজ্ঞ সাইম আইয়ুব, স্পিনার নোমান আলী ও পেস বোলার হাসান আলীসহ মোট ১২ জন খেলোয়াড় চুক্তি থেকে বাদ পড়েছেন।
টেস্ট অধিনায়ক বাবর আজম এবং সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানো সালমান আগা ৩৮ খেলোয়াড়ের তালিকার শীর্ষ শ্রেণিতে রয়েছেন।
জাভেদ জানান, ‘এবি’ শ্রেণি টেস্ট ও ওয়ানডে খেলোয়াড়দের জন্য, ‘এ’ শ্রেণি শুধু টেস্টের জন্য, ‘বিসি’ শ্রেণি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য, ‘সি’ শ্রেণি টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য এবং ‘ডি’ শ্রেণি উন্নয়নমূলক খেলোয়াড়দের জন্য।
নতুন চুক্তি চলবে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। আগের চক্রের মেয়াদ জুনে শেষ হওয়ার পর থেকে খেলোয়াড়েরা কেন্দ্রীয় চুক্তি ছাড়াই ছিলেন।
পিসিবি তখন জানিয়েছিল, শুধু সেই পুরুষ ক্রিকেটাররাই কেন্দ্রীয় চুক্তির যোগ্য হবেন, যারা আগের ১২ মাসে অন্তত চারটি টেস্ট, ছয়টি ওয়ানডে অথবা ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন।
নতুন ব্যবস্থায় চুক্তিগুলো পাঁচটি বিশেষায়িত শ্রেণিতে ভাগ করা হয়েছে: টেস্ট ও ওয়ানডে, শুধু টেস্ট বিশেষজ্ঞ, ওয়ানডে ও টি-টোয়েন্টি, টি-টোয়েন্টি বিশেষজ্ঞ এবং উন্নয়নের পথে থাকা উদীয়মান খেলোয়াড়।

-6de71a.gif)
