প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা, যুবকদের ঋণ সহজ করার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক
বেকারত্ব দূর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এসব প্ল্যান্টের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আয় করতে পারবে। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস একটি কার্যকর সমাধান হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ জন্য প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলা হবে বলে জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য নির্দিষ্ট কিছু পরিকল্পনার কথাও জানান আমিনুল হক। তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হবে।
কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।
দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। যুব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ও গতি বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা হবে। একই সঙ্গে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন।
সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এতে অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।




