মালয়েশিয়ায় আয়রনম্যানে সফল বাংলাদেশের ১৩ ট্রায়াথলেট, আরাফাত শেষ করলেন ২৩তম আসর

মালয়েশিয়ার লংকাউতে শনিবার অনুষ্ঠিত হয়েছে ট্রায়াথলন আয়রনম্যানের আসর। পূর্ণ দূরত্বের আয়রনম্যান ও অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩—এই দুই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের ১৩ জন ট্রায়াথলেট সফল হয়েছেন। আয়রনম্যানের ওয়েবসাইট ও অ্যাপে এসব তথ্য পাওয়া গেছে।
পূর্ণ দূরত্বের আয়রনম্যানে ছিল ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড়। অর্ধদূরত্বের প্রতিযোগিতায় ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড়।
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করেছেন ১০ ঘণ্টা ৫২ মিনিট ১৮ সেকেন্ডে। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫–৩৯ বছর) ৬৬ জনের মধ্যে নবম হয়েছেন এবং মোট ৫০৬ জনের মধ্যে ৫০তম স্থান অর্জন করেছেন।
এটি আরাফাতের ২৩তম আয়রনম্যান প্রতিযোগিতা। এর মধ্যে ১৪টি পূর্ণদূরত্বের ও ৯টি অর্ধদূরত্বের আয়রনম্যান রয়েছে। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক।
আরাফাত হোয়াটসঅ্যাপে বলেন, আজকের প্রতিযোগিতায় সফল হওয়া তাঁর কাছে বিশেষ ব্যাপার। তিনি চান, বাংলাদেশের আরও তরুণ আয়রনম্যানে অংশগ্রহণ করুন।
পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করা অন্য বাংলাদেশিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (১২ ঘণ্টা ২৯ মিনিট ৪৩ সেকেন্ড, বয়স গ্রুপ ২৫–২৯), মোহাম্মদ আতাওর রহমান (১৪ ঘণ্টা ২৭ মিনিট ১০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪), বদর উদ্দিন (১৪ ঘণ্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৫০–৫৪), মো. সজীব (১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯) ও মো. ইমতিয়াজ-বিন-ফারুক ভূঁইয়া (১৬ ঘণ্টা ২০ মিনিট ৩৩ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯)। ফাতিন আল ফারাবী অসুস্থ হয়ে পড়ায় শেষ করতে পারেননি।
অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় বাংলাদেশের ৯ জন অংশ নেন, তাঁদের মধ্যে ৭ জন সফল হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ আলীমুজ্জামান খান (৭ ঘণ্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড), মো. রফিকুল ইসলাম (৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ড), ইয়াসির ইবনে ইউসুফ (৭ ঘণ্টা ১৬ মিনিট ৪৪ সেকেন্ড), মনোজ প্রসাদ (৭ ঘণ্টা ১৯ মিনিট ৪৯ সেকেন্ড), মুহাম্মদ শাকিরুল হক (৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৭ সেকেন্ড), মো. আরমান রশিদ (৭ ঘণ্টা ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড) ও মো. মানিক দেওয়ান (৭ ঘণ্টা ৫০ মিনিট ৫৪ সেকেন্ড)।
দুই প্রতিযোগী সাইফুর রহমান ও আয়েশা নায়ার আয়রনম্যান ৭০.৩ শেষ করতে পারেননি। ঢাকা থেকে অংশ নেওয়া নেদারল্যান্ডসের নাগরিক লেনি হরস্টিংক ৫ ঘণ্টা ২৬ মিনিট ১৭ সেকেন্ডে এবং স্পেনের নাগরিক সুসানা লিজানো গ্র্যানেনা ৭ ঘণ্টা ৩১ মিনিট ৫ সেকেন্ডে ৭০.৩ শেষ করেছেন।
পূর্ণদূরত্বের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চীনের লিচ্যাং ঝু; ৪০–৪৪ বয়স গ্রুপে তাঁর সময় ৯ ঘণ্টা ৪ মিনিট ২৫ সেকেন্ড। আয়রনম্যান শুরু করার ১১ বছর পর তিনি এই সাফল্য পেলেন। দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের লরেন্ট মারসিলক্স (৯ ঘণ্টা ৮ মিনিট ৫০ সেকেন্ড) ও তৃতীয় অস্ট্রেলিয়ার আসাদ আট্টামিমি (৯ ঘণ্টা ২০ মিনিট ৪ সেকেন্ড)।
আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অস্ট্রেলিয়ার জেড রেডবোন, সময় ৪ ঘণ্টা ৪ মিনিট ৫৫ সেকেন্ড (বয়স গ্রুপ ২৫–২৯)। দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার লুরি ওয়াটসন (৪ ঘণ্টা ২১ মিনিট ৪৮ সেকেন্ড) ও তৃতীয় মালয়েশিয়ার ওই ইয়ি ইয়াপ (৪ ঘণ্টা ২২ মিনিট ৪৫ সেকেন্ড)।


-6de71a.gif)
