বালুতে হাতি-বাঘ আর স্মৃতিসৌধ, কক্সবাজারে শুরু তিন মাসের পর্যটন কার্নিভ্যাল

কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশের ঝাউবাগানে বসে আছে হাতি আর বাঘ, দেখা মিলছে হাঙর, তিমি আর ইলিশেরও — তবে এর কোনোটাই বাস্তব নয়, সবই গড়ে তোলা হয়েছে বালু দিয়ে। তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল’ সামনে রেখে এসব বালুর ভাস্কর্য তৈরি করা হয়েছে, আর উৎসবটি শুরু হচ্ছে আজ রোববার বিকেল থেকে।
যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা থেকে আসা শিল্পীরা তৈরি করেছেন এসব ভাস্কর্য। বনের পশু ও সাগরের মাছ ছাড়াও গড়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন ও শহীদ মিনারের মতো স্থাপনার প্রতিকৃতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনকেও ফুটিয়ে তোলা হয়েছে বালুর ভাস্কর্যে।
ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে আয়োজিত এই উৎসবের আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন। কার্নিভ্যালের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
উৎসবের জন্য নির্ধারিত এলাকাকে ১৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিং, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস। সাংস্কৃতিক পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর জন্যও রাখা হয়েছে নির্ধারিত জায়গা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকেরা দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় তাঁরা সৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে কাটালেও সন্ধ্যার পর সৈকতের আশপাশে বিনোদনের তেমন সুযোগ নেই। পর্যটকদের বাড়তি বিনোদন দিতেই কার্নিভ্যাল সাজানো হয়েছে। এখানে রাত-দিন ২৪ ঘণ্টা সময় কাটানোর সুযোগ রাখা হয়েছে।
স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটনের রাজধানী বলা হয়, এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। কার্নিভ্যালের প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
গত শুক্রবার সরেজমিনে গিয়ে প্রথমেই চোখে পড়ে হাতির ভাস্কর্যটি। খোলা মাঠে বসা অবস্থায় হাতিটি নিজের শুঁড় দিয়ে যেন মানুষকে অভিবাদন জানাচ্ছে। সাগরের বালুকণা দিয়ে বিশাল এই হাতির ভাস্কর্যটি তৈরি করেন নেদারল্যান্ডসের দুই শিল্পী পল হোগার্ট ও রেমি হোগার্ট। তাঁরা বিশ্বের ৩২টি দেশে বালু দিয়ে শিল্পকর্ম তৈরি করেছেন এবং বালু দিয়ে অন্তত ২৫০টি পূর্ণাঙ্গ হাতির ভাস্কর্য বানিয়েছেন।
কক্সবাজারের শিল্পকর্মকে ব্যতিক্রম উল্লেখ করে পল হোগার্ট (৬০) বলেন, ‘সাগর আর পাশের ঝাউবনের কারণে এখানকার পরিবেশ অনন্য। এর মধ্যেই বালুকণা দিয়ে শিল্পকর্ম বানানোর এমন অভিজ্ঞতা কোথাও হয়নি।’ কাজের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের কাছে বাংলা শিখছেন বলেও জানান তিনি।
রেমি হোগার্ট (৫০) বলেন, ‘বালু দিয়ে আমরা বাংলাদেশের বনের প্রাণী, সমুদ্রতলের রহস্য তুলে ধরছি। কক্সবাজার দারুণ একটা জায়গা। আমরা কাজের ফাঁকে বাংলাও শিখছি।’ হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি বাংলা পারি, বাংলা ভালোবাসি।’
দুই বিদেশি শিল্পীকে ভাস্কর্য তৈরিতে সহযোগিতা করছেন বাংলাদেশি শিল্পী জীবন রায়, যাঁর বালু দিয়ে ভাস্কর্য তৈরিতে এক যুগের অভিজ্ঞতা রয়েছে। জীবন রায় বলেন, ‘বালু দিয়ে যে সুন্দর কাঠামো বানানো যায়, গল্প বলা যায়, তা এই ভাস্কর্য জোনে ঘুরলেই আন্দাজ করা যাবে। আমরা বালু ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের প্রাণপ্রকৃতি, জলবায়ু সংকট, ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তুলে ধরছি।’
হাতি ভাস্কর্যের সামনে বালু দিয়ে জাতীয় সংসদ ভবনের ভাস্কর্য তৈরি করছেন কানাডার শিল্পী ডেভিড বিলিংস, হাতে সংসদ ভবনের একটি ছবি নিয়ে। হাতি ভাস্কর্যের পেছনে তৈরি হয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, তিমি, হাঙর, ইলিশসহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য। পাশে বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে উপকূলের জেলেদের জীবন।
কার্নিভ্যালে থাকছে সমুদ্রের কাছাকাছি তাঁবুতে রাতযাপনের সুযোগ, একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের আয়োজন, গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ার। পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, কার্নিভ্যালে হেলথ জোন, ইয়োগা জোনসহ প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন করা হয়েছে এবং স্থানীয় উদ্যোক্তারা তাঁদের পণ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
কার্নিভ্যালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত কার্নিভ্যালে নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

