তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ, প্রস্তাব দিয়েছে কিরগিজস্তান

আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে এক বা একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রস্তাবটি দিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন।
চলতি বছর ফিফার আর কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় জাতীয় দলের সামনে আপাতত কোনো ম্যাচ নেই। আগামী বছরের প্রথম ফিফা উইন্ডো শুরু হবে ২২ থেকে ৩০ মার্চ। সেই উইন্ডোর আগেই এই প্রীতি ম্যাচ খেলার সুযোগ আসতে পারে।
সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
আমন্ত্রণের বিষয়টি পর্যালোচনার জন্য জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ঘরোয়া ফুটবলের সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ ফুটবল লিগ পুনরায় শুরু হয়ে প্রথম লেগ শেষ হবে ১৬ জানুয়ারি। এরপর থাকবে মধ্যবর্তী দলবদলের বিরতি। সেই বিরতির সময় জাতীয় দলের ম্যাচ আয়োজনের কথা বিবেচনা করছে ফেডারেশন।
তবে জানুয়ারি কিংবা মধ্যবর্তী দলবদলের বিরতি—কোনো সময়ই ফিফা উইন্ডো না থাকায় হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
এ অবস্থায় সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার আগের পরিকল্পনা বিবেচনায় রেখেছে জাতীয় দল কমিটি। সিনিয়র দল পাঠানো সম্ভব না হলে তুরস্কে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর ভাবনাও রয়েছে ফেডারেশনের।
তবে জানুয়ারিতে তুরস্কের তীব্র শীত, কিরগিজস্তানের দেওয়া সুযোগ-সুবিধা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।


-6de71a.gif)
