নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন নীতিমালা ও স্বাধীন অভিযোগ কমিটি আনছে বিসিবি, জানালেন তামিম
নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও পেশাগত অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হয়রানির অভিযোগ তদন্তে বোর্ডের বাইরে থেকে সদস্য নিয়ে গঠন করা হয়েছে স্বাধীন ‘অভিযোগ কমিটি’। পাশাপাশি নারী ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গ মাতৃত্বকালীন ছুটির নীতিমালা।
আগামী ২৮ তারিখের বোর্ড সভায় অনুমোদন পেলে কার্যকর হবে এই নীতিমালা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে মাতৃত্বকালীন ছুটির পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করেছে বিসিবি। গর্ভাবস্থায় একজন ক্রিকেটার কত মাসের বেতন পাবেন, সন্তান জন্মের পর কীভাবে আবার ক্রিকেটে ফিরবেন, সবকিছুই নির্দিষ্ট করা হচ্ছে এই নীতিমালায়।
তামিম বলেন, এখন কোনো ক্রিকেটার খেলার মধ্যে গর্ভবতী হলে তিনি কয় মাসের বেতন পাবেন এবং সন্তান জন্মের পর কত দ্রুত ও কী কী সুযোগ-সুবিধার মাধ্যমে মাঠে ফিরতে পারবেন, তার সবকিছুই এই পলিসিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। ২৮ তারিখের বোর্ড সভায় এটি পাশ হলে নারী ক্রিকেটারদের জন্য একটি স্পষ্ট ও পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি হয়ে যাবে।
নীতিমালা অনুমোদনের পর নারী ক্রিকেটারদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরিকল্পনাও রয়েছে বিসিবির। তাদের মতামত ও অভিজ্ঞতা শুনে নীতিমালার বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চায় বোর্ড।
একই সঙ্গে সম্প্রতি নারী ক্রিকেটে হয়রানি সংক্রান্ত একটি প্রতিবেদন ও পুরোনো কিছু অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বিসিবি সভাপতি। তামিম জানান, যেকোনো প্রান্তের নারী ক্রিকেটার যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সেজন্য সম্পূর্ণ স্বাধীন একটি কমিটি গঠন করা হয়েছে।
স্বার্থের সংঘাত এড়াতে এই কমিটিতে বিসিবির সঙ্গে যুক্ত কাউকেই রাখা হয়নি। এমনকি কমিটির একজন সদস্য পরবর্তীতে বিসিবির চুক্তিতে আসায় তাকে কমিটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
নারী ক্রিকেটারদের নিরাপত্তাকে খেলাধুলার ফলাফলের চেয়েও বড় করে দেখছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, তাদের নিরাপত্তা তাঁর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা ভালো খেলবে না খারাপ খেলবে, জিতবে না হারবে, এটা তাঁর জন্য মুখ্য নয়। ক্রিকেট খেলতে এসে তাদের নিরাপদ বোধ করতে হবে। একজন মেয়েকে যখন তার মা-বাবা খেলতে পাঠাবেন, তখন তাদের এই নিশ্চয়তা থাকতে হবে যে সেখানে কোনো ধরনের ভুল কাজ বা হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই।
তিনি আরও জানান, ২৮ তারিখের বোর্ড সভার পর এই স্বাধীন কমিটি পুরোদমে কাজ শুরু করবে এবং সাম্প্রতিক ও পুরোনো অভিযোগগুলো খতিয়ে দেখে সঠিক সিদ্ধান্ত নেবে।
এছাড়া বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পরই পূর্বের অনিয়মে জড়িত তিনজনের বেশি কর্মকর্তাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

-6de71a.gif)
