জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেঙে গেল জলবায়ু চুক্তি, ১৭ বছরে প্রথমবার ঐকমত্য ছাড়াই শেষ হলো কপ সম্মেলন
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু আলোচনায় চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দেশগুলো। দুই সপ্তাহের অত্যন্ত বিভাজনমূলক আলোচনার পর নেতারা একটি খসড়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন, যেখানে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ ছিল না এবং ক্রমবর্ধমান তাপমাত্রার বিষয়ে দুর্বল প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়ন, পানামা এবং ছোট দ্বীপরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ বলেছে, তারা কপ৩১ সভাপতির পক্ষ থেকে এগিয়ে নেওয়া চুক্তিটি প্রত্যাখ্যান করেছে। অন্যরা জলবায়ু সংকটের সম্মুখভাগে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন নিয়ে উদ্বেগ এবং কার্বন ধারণ ও সংরক্ষণের ওপর জোর দেওয়া খসড়ার অংশগুলো নিয়ে কথা বলেছেন।
তুরস্কের কপ৩১ সভাপতি মুরাত কুরুম বলেন, ‘মনে হচ্ছে কিছু পক্ষ এই খসড়ার বিষয়ে আপত্তি জানাচ্ছে। আমি বুঝতে পারছি এই খসড়ার বিষয়ে কোনো ঐকমত্য নেই। সে কারণে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি।’
প্রায় ২০০টি দেশ জ্বালানি রূপান্তর এবং বিশ্ব তার সবচেয়ে জরুরি জলবায়ু লক্ষ্য, অর্থাৎ প্রাক-শিল্প যুগের তুলনায় দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা, মিস করবে, এই বাস্তবতার বিষয়ে কী করা হবে, তা নিয়ে তীব্র বিতর্কে আটকে ছিল।
আলোচনা সমাপ্তির দিকে এগিয়ে গেলেও দেশগুলো বিভাজন দূর করতে পারেনি। ১৭ বছরের মধ্যে এই প্রথমবার কপ আলোচনা কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলো।
ইইউর পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারাঘ ও’ব্রায়েন বলেন, ‘একটি মূল সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকা, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো উল্লেখ না থাকা অবিবেচনাপ্রসূত, এবং ঠিক সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন এই খসড়ার বিষয়ে জোরালো আপত্তি জানাচ্ছে।’
পানামা চুক্তিটিকে একটি ‘পশ্চাদপসরণ’ বলে অভিহিত করেছে। মার্শাল দ্বীপপুঞ্জ বলেছে, চুক্তিটি মেনে নেওয়া হবে বিশ্বাসঘাতকতা। দেশটির আলোচক ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, ‘আমরা এমন কোনো ফলাফল মেনে নেব না যা আমাদের নিরাপত্তাকে দুর্বল করে এবং আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে।’
যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াত্তা ফানবুলেহ, যিনি তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন, বলেন, ‘এই মুহূর্তে সাহসী উচ্চাকাঙ্ক্ষা দরকার ছিল, এবং আমরা ঐকমত্য গড়তে অক্লান্তভাবে কাজ করে গেছি। আমরা তা করতে পারিনি, এটি অত্যন্ত হতাশাজনক।’
গভীরভাবে বিভাজনমূলক একটি খসড়ায় চুক্তিতে পৌঁছাতে না পারা দেখিয়ে দেয় আলোচনা কতটা জটিল হয়ে উঠেছে, এমন এক সময়ে যখন বিশ্বের জলবায়ু লক্ষ্যগুলো আরও দূরে সরে যাচ্ছে এবং জ্বালানির দামের ধাক্কা, যুদ্ধ ও মুদ্রাস্ফীতি নতুন প্রতিশ্রুতি নেওয়ার বিষয়ে সরকারগুলোর ইচ্ছাকে পরীক্ষা করছে।
এই বিশৃঙ্খলা তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজকদের জন্যও একটি ব্যর্থতা, যারা শুরু থেকেই বিদ্যুতের ব্যবহার বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়ে একটি চুক্তির জন্য চাপ দিয়েছিল।
জাতিসংঘ বিশ্ব ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়িয়ে যাবে বলে সতর্ক করার পর কপ৩১ ছিল প্রথম জলবায়ু সম্মেলন। প্যারিস চুক্তির সবচেয়ে জরুরি লক্ষ্য এটি, এবং আরও উষ্ণতা সীমিত করতে প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে বলে জাতিসংঘ জানিয়েছিল।
চূড়ান্ত খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুতায়িত করার কথা বলা হয়েছিল, যা বর্তমানে ২৩ শতাংশ। এই লক্ষ্যটি বিশেষভাবে তুরস্ক সমর্থন করেছিল। প্রত্যাখ্যাত খসড়ায় বিদ্যুতায়ন ‘পরিষ্কার’ হতে হবে কি না তা নির্দিষ্ট করা হয়নি, যেমনটি অনেক দেশ দাবি করেছিল। তবে এতে বলা হয়েছিল, নতুন বিদ্যুৎ উৎস বাড়ানোর পাশাপাশি পরিষ্কার জ্বালানি বাড়ানো, জ্বালানি দক্ষতা উন্নত করা এবং অন্যান্য কম নির্গমন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রচেষ্টা চলবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এই সপ্তাহে জানিয়েছে, বিশ্ব অর্থনীতি বর্তমানে ২০৩৫ সালে ৩০ শতাংশ বিদ্যুতায়নে পৌঁছানোর পথে রয়েছে।
তবে খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছিল না, যা তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ। তিন বছর আগে দেশগুলো কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে প্রথম ও একমাত্র চুক্তিতে পৌঁছেছিল। অনেক ছোট দ্বীপরাষ্ট্র এবং ইইউ খসড়ায় জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের উল্লেখ দাবি করেছিল।
চূড়ান্ত পূর্ণাঙ্গ অধিবেশনে রাশিয়া বলেছে, ২০২৩ সালে সম্মত হওয়া সত্ত্বেও তারা জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের কোনো প্রস্তাবে সম্মত হতে পারবে না। সৌদি আরব উন্নত দেশগুলোর ঐতিহাসিক নির্গমন এবং অর্থায়নের বিষয়ে ছাড় দিতে অনিচ্ছার দিকে আঙুল তুলেছে।
আলোচকেরা চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না তা নিয়ে টানাপোড়েনে থাকার সময়, হাজার হাজার মাইল দূরে বিশ্বের তিনটি বৃহত্তম জ্বালানি উৎপাদক দেশ, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া, তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
অন্যান্য অচলাবস্থার বিষয়ও ছিল, যেমন দরিদ্র দেশগুলোকে বৈশ্বিক উষ্ণতার মোকাবিলায় সাহায্য করার জন্য অর্থায়ন এবং বাতাস থেকে কার্বন শোষণকারী প্রযুক্তি, যা আলোচনাকে নির্ধারিত সময়ের অনেক পরেও টেনে নিয়েছে।
আলোচনায় বেশ কয়েকটি বাধ্যতামূলক সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়েছে। অন্যগুলো আগামী বছরের জন্য স্থগিত করা হয়েছে, যখন আলোচনা ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে। এই বছরের সম্মেলন থেকে কোনো মূল সিদ্ধান্ত আবশ্যক ছিল না, তবে কপ৩১ সভাপতি একটি চুক্তিতে পৌঁছানোর ওপর জোর দিয়েছিলেন।
জার্মানির সাবেক জলবায়ু দূত জেনিফার মরগান সাংবাদিকদের বলেন, ‘আমার ৩১টি কপের মধ্যে এই প্রথমবার আমি বলছি, এমন একটি সিদ্ধান্ত না থাকাই ভালো যা আমাদের পিছিয়ে দেয়, যা ছোট দ্বীপ ও ঝুঁকিপূর্ণ মানুষের কথার বিরুদ্ধে যায়।’


