করস্বর্গে ব্রিটিশ করদাতাদের অর্থ প্রথমবার ১ ট্রিলিয়ন পাউন্ড ছাড়াল

করস্বর্গ হিসেবে পরিচিত দেশ ও অঞ্চলগুলোর অফশোর অ্যাকাউন্টে ব্রিটিশ করদাতাদের রাখা অর্থের পরিমাণ প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। এতে জনসাধারণের কোষাগারের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
তথ্য অধিকার আইনে করা আবেদনের মাধ্যমে থিংকট্যাংক ট্যাক্সওয়াচ যুক্তরাজ্যের রাজস্ব ও শুল্ক বিভাগের (এইচএমআরসি) যে তথ্য পেয়েছে, তাতে দেখা যায়, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে করস্বর্গে রাখা অর্থের পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। এগুলোই সর্বশেষ পাওয়া তথ্য।
এইচএমআরসির তথ্যে থাকা করস্বর্গের তালিকাটি তৈরি করা হয়েছিল ইইউ ট্যাক্স অবজারভেটরির শিক্ষাবিদদের তৈরি একটি তালিকার ভিত্তিতে। এতে হংকং, আইল অব জার্সি, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন ও পানামার মতো এলাকা রয়েছে।
অফশোর অ্যাকাউন্টের অর্থের বড় অংশই যুক্তরাজ্যের কর কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে ঘোষণা করা হয়ে থাকলেও বড় অঙ্কের অর্থ এখনো খুঁজে বের করা ও আদায় করা কঠিন হয়ে পড়েছে।
এইচএমআরসির দেওয়া তথ্য অনুযায়ী, করস্বর্গসহ অফশোর অ্যাকাউন্টগুলো থেকে প্রতিবছর গড়ে ১২৫ মিলিয়ন পাউন্ড আগে না দেওয়া কর, সুদ ও জরিমানা আদায় করতে পেরেছে সংস্থাটি।
কর ফাঁকি ও জালিয়াতি দমনের প্রচেষ্টার অংশ হিসেবে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডের (সিআরএস) মতো চুক্তির আওতায় বিদেশিদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আদান-প্রদানের কারণেই এই আদায় সম্ভব হয়েছে।
তবে এইচএমআরসি আগে হিসাব করে জানিয়েছিল, ২০১৮ সালের একটি চিত্র অনুযায়ী সব অফশোর অ্যাকাউন্ট মিলিয়ে প্রতিবছর গড়ে ২০০ মিলিয়ন থেকে ৭০০ মিলিয়ন পাউন্ড কর অপরিশোধিত থেকে যাচ্ছে।
ট্যাক্সওয়াচ বলছে, ব্রিটিশ করদাতাদের মালিকানাধীন অফশোর অ্যাকাউন্টের প্রায় এক-পঞ্চমাংশ সিআরএস পদ্ধতিতে ঘোষণা করা হয়েছে স্বতন্ত্র করদাতা শনাক্তকারী নম্বর ছাড়াই, যেগুলো সংগ্রহ করার কথা অ্যাকাউন্ট ধারণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর। এতে অঘোষিত অ্যাকাউন্টগুলোকে নির্দিষ্ট করদাতার সঙ্গে মেলানো এইচএমআরসির জন্য কঠিন হয়ে পড়ে।
এতে উদ্বেগ বেড়েছে, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও বারমুডার মতো কম কর ও করপোরেট গোপনীয়তার জন্য পরিচিত করস্বর্গের অ্যাকাউন্টের মাধ্যমে যুক্তরাজ্যের সম্ভাব্য কর রাজস্ব কতটা হারিয়ে যাচ্ছে।
সম্প্রতি এইচএমআরসি ধনী করদাতাদের ওপর নজরদারি কঠোর করার পরিকল্পনা ঘোষণা করেছে, যাঁদের কেউ কেউ সম্পদ বিদেশে রাখছেন বলেও মনে করা হচ্ছে।
এর অংশ হিসেবে ২০০-র বেশি বিলিয়নিয়ারের জন্য নিবেদিত ‘কাস্টমার কমপ্লায়েন্স ম্যানেজার’ নিয়োগ করা হয়েছে, যাতে যাঁরা যথাযথ কর দেন না তাঁদের কারণে তৈরি ‘ধনীদের কর ব্যবধান’ মোকাবিলা করা যায়। এইচএমআরসির হিসাব, এতে অন্তত ৫০০ মিলিয়ন পাউন্ড আদায় হতে পারে—যা ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ১০ বিলিয়ন পাউন্ড কর রাজস্ব নিশ্চিত করার বৃহত্তর প্রতিশ্রুতির অংশ।
গত বছরের জুলাইয়ে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির এমপিরা প্রায় ১৩ লাখ ধনী করদাতার কর পরিপালন সম্পর্কে এইচএমআরসির ধারণার অভাব নিয়ে সংস্থাটিকে কঠিন প্রশ্নের মুখোমুখি করেন।
ট্যাক্সওয়াচের পরিচালক মাইক লুইস বলেন, ‘গত মাসের বাজেটে ধনী ও অফশোর কর পরিপালন বাড়াতে এইচএমআরসির নতুন পরিকল্পনার স্বাগত ঘোষণা এসেছে। এই নতুন পরিসংখ্যান দেখাচ্ছে, ওই পরিকল্পনায় আরও সম্পদ, দক্ষতা ও সময় লাগবে।’ তিনি আরও বলেন, ‘অফশোর অ্যাকাউন্ট থেকে যত অপরিশোধিত কর আদায় হচ্ছে, তা এইচএমআরসির নিজের কর ফাঁকির হিসাবের তুলনায় অনেক কম। আর সবচেয়ে জটিল কাঠামোর আড়ালেই বেশিরভাগ কর ফাঁকি ঘটে।’
ট্যাক্সওয়াচ বলছে, অফশোর আয় ও মুনাফার ওপর মোট কত কর অপরিশোধিত থাকছে, তার হিসাব প্রকাশ বারবার পিছিয়ে দিয়েছে এইচএমআরসি। ফলে অফশোর কর ফাঁকি ও অনিয়ম মোকাবিলায় কর কর্তৃপক্ষের কার্যকারিতা যথাযথভাবে যাচাই করার সুযোগ পাচ্ছে না জনসাধারণ ও সরকার।
এইচএমআরসির একজন মুখপাত্র বলেন, ‘বৈশ্বিক কর স্বচ্ছতা বাড়াতে আমরা নেতৃত্ব দিয়েছি, যা অফশোর কর ঝুঁকি মোকাবিলা করতে এবং যুক্তরাজ্যের আইন অনুযায়ী সবাই যেন সঠিক পরিমাণ কর দেয়, তা নিশ্চিত করতে সাহায্য করেছে। আমরা ইতিমধ্যে সবচেয়ে জটিল অফশোর ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞ দক্ষতা একত্র করে আমাদের পদ্ধতি শক্তিশালী করেছি এবং ২০৩০ সালের মধ্যে ধনীদের অফশোর অনিয়ম মোকাবিলায় অতিরিক্ত ৪০০ জনকে মোতায়েন করছি।’




