দোহায় টস বিভ্রান্তি আর মাঠের উত্তেজনা, পাকিস্তান ‘এ’র কাছে ৪৮ রানে হারল ভারত ‘এ’

কয়েনটা মাটিতে পড়েছে। ম্যাচ রেফারি ঘোষণা করেছেন, টেইল। কিন্তু পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ মানতে নারাজ। তাঁর দাবি, কয়েনের ওপরের দিকটা হেড। দুই অধিনায়ক ঝুঁকে পড়লেন কয়েন দেখতে। দেখা গেল, সামাদের কথাই ঠিক। কয়েন ছিল হেড, ভুল ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ।
দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচের শুরুটা ছিল এমন নাটকীয়। টসের বিভ্রান্তি অবশ্য দ্রুতই কেটে গেছে। কিন্তু দুই দলের সম্পর্কের বরফ গলেনি। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক। ম্যাচ শেষেও একই দৃশ্য দেখা গেছে।
এই দৃশ্য এখন আর নতুন নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত না মেলানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল এই রীতি। এরপর তা ছড়িয়ে পড়েছে নারী ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট, এমনকি ‘এ’ দলের ক্রিকেটেও।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। প্রথম পাঁচ ওভারেই ৫৮ রান ওঠে। উদ্বোধনী জুটিতে আসে ৬৬ রান। ভারত স্পিন আক্রমণ আনার পর অবশ্য রানের গতি কিছুটা কমে। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৩১৩ রান।
তবে রান ওঠার পাশাপাশি মাঠে উত্তাপও ছড়িয়েছে। ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে চলেছে কথার লড়াই।
প্রথম ওভারেই শামিল হুসাইনের ব্যাটে চার ও ছক্কা হজম করেন হর্ষিত রানা। পরে বাউন্সার আর কথার লড়াইয়ের পথ বেছে নেন ভারতীয় পেসার। শামিলের ক্যাচ নেওয়ার পর তাঁকে মাঠ ছেড়ে চলে যাওয়ার ইশারা করেন রানা। কথা-কাটাকাটি হয়েছে মাজ সাদাকাতের সঙ্গেও।
পাকিস্তানের ব্যাটসম্যানদের সঙ্গে একের পর এক উত্তপ্ত মুহূর্ত তৈরি করলেও বল হাতে দিনটা ভালো কাটেনি রানার। ১০ ওভারে ৭৭ রান দিয়ে তিনি পেয়েছেন ২ উইকেট।
৩১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে ওপেন করেন বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সূর্যবংশী। চতুর্থ ওভারেই ইমরান রানধাওয়ার বলে আউট হন তিনি। মাঠ ছাড়ার সময় পেছন থেকে পাকিস্তানের এক খেলোয়াড় তাঁকে কিছু একটা বলেন, সূর্যবংশীও জবাব দেন।
রানার জন্য অপেক্ষা করছিল আরও একটি অস্বস্তিকর মুহূর্ত। ৪৫তম ওভারে রানধাওয়ার ফুলটসে ক্যাচ তুলে শূন্য রানে আউট হন তিনি। মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন রানা। এ সময় তাঁর দিকে এগিয়ে যান পাকিস্তানের সুফিয়ান মুকিম। হুমকির ভঙ্গিতে কিছু বলতেও দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ভারতের হয়ে শেষ পর্যন্ত লড়েছেন তিলক বর্মা। ১৪৯ বলে ১০০ রান করে তিনিই ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তাতে ৪৮ রানের জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান ‘এ’ দল।
ভারতের আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ জিতলেই সেমিফাইনালে উঠবেন তিলকেরা।




