গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিকভাবে চলমান অগ্নিসংযোগ বন্ধ করে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা ও কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী যে সম্মিলিত প্রচেষ্টা চলছে, তার ওপর সরাসরি আঘাত।
তিনি বলেন, ‘যাঁরা এই কাজের মূল্য বোঝেন, তাঁদের সবার প্রতি আহ্বান, অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের অবশ্যই দরিদ্র নারীদের ব্যাংক, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।’
বিবৃতিতে সাম্প্রতিক ঘটনার বিবরণ তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে আমার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই আমার কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। আমার দুই ছোট ভাই তাঁদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।’
সাবেক প্রধান উপদেষ্টার বিবৃতিতে উল্লেখ করা হয়, চলতি নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং কেবল নভেম্বরেই সারা দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় আক্রমণ হয়েছে।
হামলার ধরন দেখে ওপরের মহল থেকে কেউ প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছে বলে মনে করেন তিনি। পাশাপাশি নিজেদের ব্যবসা পরিচালনার জন্য ঋণ নেওয়া এবং ব্যাংকের মুনাফা থেকে লভ্যাংশ পাওয়া দরিদ্র নারী প্রতিবেশীদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংসে কিছু মানুষকে ব্যবহারের ঘটনা বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে বলে তিনি উল্লেখ করেন।
বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি। এসব ঘটনা পরিবারের ভরণপোষণ, সন্তানের শিক্ষা ও জীবনযাত্রার অপরিহার্য অবলম্বন হিসেবে গ্রামীণ ব্যাংকের ওপর নির্ভরশীল লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে বলেও তিনি জানান।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, এই সহিংসতা কেবল গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই; একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব প্রদানকারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ওপর এ পরিকল্পিত ও ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক আখ্যা দিয়ে ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস জানান, ২০ বছর আগে নোবেল কমিটির শান্তি পুরস্কারে ভূষিত এবং দরিদ্র মানুষ বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত এ প্রতিষ্ঠানটি এ বছর দেশজুড়ে প্রতিষ্ঠার ৫০ বছর ও নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্যাপন করছে।
তিনি জানান, দারিদ্র্য থেকে উত্তরণের পথ তৈরিতে ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল ও পদ্ধতি আন্তর্জাতিকভাবে সমাদৃত ও বিশ্বের নানা দেশে অনুসৃত হয়েছে। এটি নারীদের বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সামর্থ্য প্রদান করে।
বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি বলে তথ্য দেন তিনি। তিনি উল্লেখ করেন, যেহেতু এ দরিদ্র নারী ঋণগ্রহীতারাই ব্যাংকের মালিক, তাই ব্যাংকটির ওপর হামলা মানেই তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে অপপ্রচারের জবাব দিয়ে ড. ইউনূস বলেন, ‘হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক আমি এবং ব্যাংকটি আমিই পরিচালনা করি। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘২০১১ সালে আওয়ামী লীগ সরকার আমাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক আমি নই, কখনো ছিলামও না।’
তিনি জানান, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে, যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়।
হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
একইসঙ্গে তিনি আহ্বান জানান, প্রতিটি অপরাধীকে যেন দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হয়।
পাশাপাশি ড. ইউনূস বলেন, ‘আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানাই, সর্বোচ্চ পর্যায়ে যারা এসব হামলার পরিকল্পনা করছে এবং বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখুন।’


