নেছারাবাদে সুপারি ব্যবসায়ী অপু হত্যায় রুম্মানের যাবজ্জীবন, আরও দুজনের তিন বছর করে কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপু (৩৬) হত্যা মামলায় প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজন খালাস পেয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শেখ রুম্মান হোসেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। তিন বছর করে কারাদণ্ড পাওয়া অপর দুই আসামি হলেন একই গ্রামের বাসিন্দা সুমনা বেগম (৩৫) ও সাদিয়া ইসলাম (১৭)। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু।
নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশের একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত অপুর বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন বলেন, আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান তিনি।




