বগুড়ায় স্কুলছাত্র গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা জনকে দলের সব পদ থেকে অব্যাহতি

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা আল আমিন জনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আল আমিন জন বগুড়া শহর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া শহর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল আমিন জনকে তাঁর বর্তমান পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
নিহত মনিরুল ইসলাম গালিব বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার খান্দার এলাকায় ধূমপান করার দৃশ্য ভিডিও করাকে কেন্দ্র করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গালিব মারা যায়।
এ ঘটনায় যুবদল নেতা আল আমিন জন, তাঁর ছোট ভাই জিসানসহ চারজনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় মামলা করেন গালিবের মা ইয়াসমিন খাতুন।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী খান্দার পাসপোর্ট অফিস এলাকায় জনের বাবার ফুটপাতের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, গালিব হত্যা মামলার প্রধান আসামি মিশুকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।




