মেক্সিকোতে কার্টেলপ্রধান ‘চাপো ইসিদ্রো’ গ্রেপ্তারের পর সৈন্যদের ওপর গুলি, আটক ৮

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে মাদক কার্টেলের প্রধান ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেস গ্রেপ্তারের পর ছড়িয়ে পড়া সহিংসতার মধ্যে সৈন্যদের ওপর গুলি চালানোর অভিযোগে আটজনকে আটক করেছে মেক্সিকোর সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা ওই কার্টেলের সদস্য বলে অভিযোগ রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার সিনালোয়া দে লেইভা শহরে টহলের সময় সন্দেহভাজন ব্যক্তিরা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। গ্রেপ্তারের পর এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছিল তখন।
‘চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের সবচেয়ে বেশি খোঁজা ১০ জনের তালিকায় ছিলেন এবং বহু বছর ধরে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আটক আটজন শুক্রবার মেসা ফ্লোরেস গ্রেপ্তারের পরের কয়েক ঘণ্টায় তাঁর কার্টেলের চালানো প্রতিশোধমূলক সহিংসতায়ও জড়িত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের একজন অপ্রাপ্তবয়স্ক।
অভিযানে বিশেষ বাহিনী ছয়টি যানবাহন জব্দ করেছে। এর মধ্যে দুটি যানবাহনে বুলেটপ্রুফ বর্ম ও বন্দুকের টারেট বসানো ছিল বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মেসা ফ্লোরেসের গ্রেপ্তারকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ‘একটি চমকপ্রদ সামরিক অভিযান’ বলে বর্ণনা করেছে এবং মেক্সিকোর সামরিক বাহিনী ও বিশেষ বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। বিভাগটি জানায়, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স মেক্সিকোর সামরিক বাহিনীকে সহায়তা করেছে এবং এই যৌথ প্রচেষ্টার প্রশংসা করেছে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশেষ বাহিনী গোপনীয়তা ও আকস্মিকতা কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে পৌঁছায়। মেসা ফ্লোরেস যেন পালাতে না পারেন এবং কার্টেলের শক্তিবৃদ্ধি যেন পৌঁছাতে না পারে, সেজন্য নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়।
মেসা ফ্লোরেসের সঙ্গে তাঁর দ্বিতীয় প্রধান ‘সেরাফিন’ নামে পরিচিত ব্যক্তি এবং তাঁর আর্থিক পরিচালককেও গ্রেপ্তার করা হয়। তাঁদের দ্রুত বিমানে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর কার্টেলের সদস্যরা প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসায় এবং গাড়ি ও কিছু দোকানে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে কার্টেল সদস্যদের গোলাগুলির খবরও পাওয়া যায়।
সিনালোয়ার প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, শুক্রবার ও শনিবার ভোরের সহিংসতায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সদস্য।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন দুভা মেসা ফ্লোরেসকে ‘মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি’ বলে বর্ণনা করেছেন। দুভা বলেন, কয়েক দশক ধরে মেসা ফ্লোরেস সিনালোয়া কার্টেলের সন্ত্রাসী উদ্দেশ্য এগিয়ে নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে।
৪৪ বছর বয়সী মেসা ফ্লোরেস কয়েক দশক আগে হুয়ারেস কার্টেল দিয়ে তাঁর অপরাধজীবন শুরু করেছিলেন বলে ধারণা করা হয়। পরে তিনি বেলত্রান লেইভা সংগঠনের প্রধানের ডানহাত হন। এই মাদকচক্র একসময় সিনালোয়া কার্টেলের মিত্র ছিল, পরে দুই পক্ষ আলাদা হয়ে তিক্ত শত্রুতে পরিণত হয়।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ২০১৩ সালেই মেসা ফ্লোরেসকে তাঁর নিজের নামে পরিচিত একটি মাদক পাচারকারী সংগঠনের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল। তখন মন্ত্রণালয় বলেছিল, মেসা ফ্লোরেসের সংগঠন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মেথামফেটামিন, হেরোইন, গাঁজা ও কোকেন সরবরাহের জন্য দায়ী।
থিংক ট্যাংক ইনসাইট ক্রাইমের তথ্য অনুযায়ী, গত এক দশক ধরে মেসা ফ্লোরেস নিজেকে আড়ালে রেখেছিলেন, তবে সিনালোয়া রাজ্যের গুয়াসাভে থেকে তিনি তাঁর কার্টেল পরিচালনা চালিয়ে যাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর প্রধান বলেছেন, তাঁর গ্রেপ্তার একটি নির্দয় অপরাধী সংগঠনের জন্য বড় ধাক্কা। সংগঠনটি চরম সহিংসতা কাজে লাগিয়ে ফেন্টানিলসহ প্রাণঘাতী মাদক যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠীর মধ্যে পাচার করেছে বলে তিনি উল্লেখ করেন।
মেসা ফ্লোরেসকে আটকে রাখা স্থাপনা পাহারায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁর গ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্মকর্তাদের সহযোগিতা প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকারের জন্য একটি সাফল্য হিসেবে দেখা হবে। শেইনবাউম জোর দিয়ে বলেছেন, মেক্সিকোর সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় থাকলে তিনি উচ্চপর্যায়ের লক্ষ্যবস্তুদের ধরতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।



