পটুয়াখালীতে যৌন নির্যাতন মামলায় আপসের আবেদন করায় বাদীকে কারাদণ্ড, আসামিও কারাগারে

পটুয়াখালীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় আপসের আবেদন করায় বাদীকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বাদীর বাড়ি গলাচিপা উপজেলার একটি গ্রামে। এ মামলায় আসামি মো. আজিজুল হাওলাদারকেও কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তার চাচা মামলা করেন। এতে আজিজুল হাওলাদারকে আসামি করা হয়। পরে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়।
এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। মামলাটি আপসযোগ্য না হওয়ায় আদালত এ আবেদন গ্রহণ করেননি।
ভুক্তভোগীকে আদালতে উপস্থিত না করে আপসের আবেদন করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন ট্রাইব্যুনাল। আদালত তাঁকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল্লাহ আল নোমান বলেন, ভুক্তভোগীকে উপস্থিত না করে আপসযোগ্য নয় এমন ধারার মামলায় আপসের আবেদন করায় ট্রাইব্যুনাল বাদীকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও কারাগারে পাঠিয়েছেন।
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে চাপ প্রয়োগ করে আপসে বাধ্য করেন। আপসযোগ্য নয় এমন ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। তাঁর ভাষ্য, আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় এ বিষয়ে স্পষ্ট বার্তা যাবে।




