গাজায় ইসরায়েলি হামলায় উনরওয়ার কর্মীসহ অন্তত তিনজন নিহত, জাবালিয়া শিবিরে কূপের কাছে আঘাত
গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা উনরওয়ার একজন কর্মী রয়েছেন। ত্রাণ সংস্থা ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
উনরওয়া সোমবার নিহত কর্মীর নাম জানিয়েছে আদেল আল-হেলো। সংস্থা ও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে একটি কূপের কাছে কাজ করার সময় তিনি আঘাতপ্রাপ্ত হন। ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
পরে সোমবার পশ্চিম গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে আরেকটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেই হামলায় দুজন নিহত ও অন্যরা আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে। ওই চুক্তিতে প্রায় দুই বছরের লড়াই আনুষ্ঠানিকভাবে বন্ধ হলেও হামলা থামেনি।
উনরওয়ার একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, হামলাটি পানির কূপের কাছে সড়কের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যেখানে উনরওয়ার কর্মী ও একজন প্রহরী দায়িত্বে ছিলেন। কর্মীরা পানির কূপ পরিচালনার নিয়মিত দায়িত্ব পালন করছিলেন।’
ইসরায়েল এখনো এই ঘটনার বিষয়ে সাড়া দেয়নি। তবে অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনি ও পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী গাজায় আবাসিক ভবন ধ্বংসও চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি অনুযায়ী যে ‘ইয়েলো লাইন’ পর্যন্ত তাদের সরে যাওয়ার কথা ছিল, তার বাইরেও ধ্বংসযজ্ঞ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেইর এল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলুত জানান, ওই লাইনের কাছের এলাকায় বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শনিবার জড়ো হয়ে ইসরায়েলের তীব্রতর বিমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
দেইর এল-বালাহর মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ আল জাজিরাকে বলেন, ‘এক মাসেরও কম সময়ে ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে।’
মুসলেহ আরও বলেন, এটি ধীরে ধীরে বাস্তুচ্যুত করার একটি পদ্ধতিগত নীতির অংশ বলে মনে হচ্ছে, যার লক্ষ্য বাসিন্দাদের তাদের শিবির থেকে বের করে দেওয়া এবং যত বেশি সম্ভব বাড়ি ধ্বংস করা।


