সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন বানিয়ে সাইবার হামলার চেষ্টা ‘সাইডউইন্ডার’ গোষ্ঠীর, উচ্চ ঝুঁকির সতর্কবার্তা বিজিডি ই-গভ সার্টের

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে সাইবার হামলার নতুন কৌশল নিয়েছে ‘সাইডউইন্ডার’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নাম ও পরিচয়ের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েব ডোমেইন তৈরি করেছে গোষ্ঠীটি।
এসব ডোমেইন ব্যবহার করে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে প্রতারণামূলক ই-মেইল পাঠানো এবং ক্ষতিকর মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মাধ্যমে কম্পিউটারে অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক সাইবার নিরাপত্তা সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় এই হামলার ঝুঁকিকে উচ্চমাত্রার বলে উল্লেখ করা হয়েছে।
বিজিডি ই-গভ সার্টের তথ্য অনুযায়ী, গত ২ থেকে ১২ নভেম্বরের মধ্যে এই সাইবার হামলার কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও চীনের সরকারি, সামরিক ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই হামলার অবকাঠামো। তবে ১২ নভেম্বরের পরও সংশ্লিষ্ট ডোমেইন অবকাঠামো সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে এবং নতুন নতুন ভুয়া সাবডোমেইনও তৈরি করা হচ্ছে।
সতর্কবার্তায় বাংলাদেশের দুটি সরকারি প্রতিষ্ঠানের নামে তৈরি ভুয়া ডোমেইনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর একটি ‘mofa-gov-bd.fetchdrives.info’, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করছে। অন্যটি ‘dshe-gov-bd.fetchdrives.info’, যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচয়ের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ, নেপালের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রীলঙ্কার জনপ্রশাসন বিভাগ এবং চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের নামেও ভুয়া ডোমেইন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৪টি সরকারি ও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে তৈরি করা নকল ওয়েব ঠিকানা চিহ্নিত করেছে সংস্থাটি।
সতর্কবার্তায় বলা হয়েছে, সাইবার অপরাধীরা সরকারি দপ্তরের বেতন কাঠামো সংশোধন, ভ্রমণসংক্রান্ত নির্দেশনা, প্রশিক্ষণের সময়সূচি এবং প্রশাসনিক বিজ্ঞপ্তির মতো বিষয় ব্যবহার করে ই-মেইল পাঠাচ্ছে। এসব বিষয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কাজের সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রাপক সহজেই ই-মেইলগুলোকে আসল বলে মনে করতে পারেন।
ই-মেইলের সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল যুক্ত থাকে। বিশ্লেষণে এ ধরনের পাঁচটি ক্ষতিকর ডকুমেন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি ফাইলের নামের শেষে জিপ (.zip) থাকলেও প্রকৃতপক্ষে সেটি ওয়ার্ডের ডকুমেন্ট (DOCX)। অর্থাৎ ফাইলের নাম দেখে সেটির প্রকৃত ধরন বোঝার উপায় নেই।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব ফাইলের মাধ্যমে কম্পিউটারে ক্ষতিকর প্রোগ্রাম প্রবেশের জন্য আলাদা করে কোনো ম্যাক্রো চালু করার প্রয়োজন হয় না। ব্যবহারকারী শুধু ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ডে খুললেই সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে অপরিচিত একটি সার্ভার থেকে বাইরের একটি টেমপ্লেট সংগ্রহের চেষ্টা করে। সাইবার নিরাপত্তার ভাষায় এই কৌশলকে বলা হয় ‘রিমোট টেমপ্লেট ইনজেকশন’।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, সাইডউইন্ডার নামের হ্যাকার গ্রুপটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ইমেইলের মাধ্যমে সাইবার হামলার চেষ্টা করছে। তারা সরকারি চিঠির মতো দেখতে ওয়ার্ড ফাইল পাঠিয়ে কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান হ্যাক হয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।
জোহা আরও বলেন, এটি একটি বড় সতর্কবার্তা। শুধু অ্যান্টিভাইরাস থাকলেই নিরাপদ থাকা যায় না। সরকারি প্রতিষ্ঠানের ইমেইল নিরাপত্তা, নিয়মিত সাইবার নজরদারি এবং সন্দেহজনক ফাইল যাচাইয়ের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সাইবার হামলা হওয়ার পর নয়, হামলার আগেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর নামে ভুয়া ডোমেইন শনাক্ত হওয়া মানেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার শিকার হয়েছে, এমন নয়। বিজিডি ই-গভ সার্ট জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণে বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানে ক্ষতিকর ফাইল পাঠানো, তা খোলা কিংবা কোনো কম্পিউটার সফলভাবে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে হামলাকারীদের পরবর্তী ধাপে ক্ষতিকর প্রোগ্রাম চালানো, তথ্য চুরি, গোপনে কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার বিষয়টিও বিশ্লেষণে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ধরনের হামলা থেকে রক্ষা পেতে সরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) এবং অন্যান্য সম্ভাব্য ঝুঁকিতে থাকা সংস্থাকে দ্রুত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটি বলেছে, ই-মেইলে আসা অপরিচিত ওয়ার্ড ফাইল খোলার আগে প্রেরকের পরিচয় এবং ফাইলের প্রকৃত ধরন যাচাই করতে হবে। বিশেষ করে বেতন কাঠামো, প্রশিক্ষণ, ভ্রমণসংক্রান্ত নির্দেশনা বা সরকারি বিজ্ঞপ্তির নামে আসা অপ্রত্যাশিত ফাইলের বিষয়ে সতর্ক থাকতে হবে।
পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড থেকে অস্বাভাবিক ইন্টারনেট সংযোগ, ডিএনএস ও প্রক্সি সার্ভারের তথ্য এবং কম্পিউটারে তৈরি হওয়া সন্দেহজনক ফাইল নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। শনাক্ত হওয়া ডোমেইন ও আইপি ঠিকানাগুলো নিরাপত্তা পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী বন্ধ করার ব্যবস্থায় যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দলকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
বিজিডি ই-গভ সার্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘সাইডউইন্ডার এপিটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয়। সরকারি ও গুরুত্বপূর্ণ জনসেবা অবকাঠামোই মূলত তাদের লক্ষ্যবস্তু। আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই গোষ্ঠীটি অত্যন্ত পরিকল্পিত ও জটিল কৌশলে সাইবার হামলা চালায়। তাই সরকারি ও জনসেবা অবকাঠামোর জন্য এটি বড় ধরনের ঝুঁকি।’




