ইরানে হিজাব ছাড়া গান গাওয়ায় গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বেত্রাঘাত

ইরানে বাধ্যতামূলক হিজাব ছাড়া গান পরিবেশন করায় বিশিষ্ট গায়িকা পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে বেত্রাঘাত করা হয়েছে বলে তাঁদের আইনজীবীরা জানিয়েছেন।
আহমাদি, তিনজন সংগীতশিল্পী ও একজন প্রযোজক—প্রত্যেককে কোম শহরে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে বলে তাঁদের প্রতিরক্ষা দলের এক সদস্য জানিয়েছেন।
২৯ বছর বয়সী আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে হাতাকাটা পোশাক পরেছিলেন। ইরানের আইনে নারীদের প্রকাশ্য পরিবেশনা নিষিদ্ধ এবং মাথায় স্কার্ফ ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক।
এ বছরের জুনে কোমের একটি ফৌজদারি আদালত ‘অশ্লীল ও অশালীন উপাদান’ প্রকাশের মাধ্যমে ‘জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে আহমাদিসহ নয়জনকে দোষী সাব্যস্ত করে; তাঁরা অভিযোগ অস্বীকার করেছিলেন।
৭৪ বেত্রাঘাতের পাশাপাশি তাঁদের দুই বছরের জন্য অডিওভিজ্যুয়াল কার্যক্রম থেকে ও দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সেপ্টেম্বরের শেষে কোমের আপিল আদালত আসামিদের আপিল খারিজ করে সাজা বহাল রাখে বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।
সোমবার আসামিদের এক আইনজীবী জানান, কোমের ফৌজদারি সাজা কার্যকর শাখার তৃতীয় শাখায় আহমাদি ও তাঁর চার পুরুষ সহ-আসামিকে বেত্রাঘাত করা হয়েছে। তিনি বলেন, ‘রায় বাতিল করতে, অন্তত সাজা কমাতে বা স্থগিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। সাজা কার্যকর পেছানোর চেষ্টা করলেও কার্যকর শাখা তাৎক্ষণিক কার্যকরের ওপর জোর দিয়েছে।’
সংস্কারপন্থী দৈনিক এতেমাদ আরেক প্রতিরক্ষা আইনজীবী মোস্তফা নিলির বরাতে আহমাদির সঙ্গে বেত্রাঘাত পাওয়া চার পুরুষকে চিহ্নিত করেছে—সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারি।
অন্য ইরানি শিল্পী ও মানবাধিকার কর্মীরা এই সাজার ব্যাপক নিন্দা জানিয়েছেন; তাঁরা সতর্ক করেছেন, বেত্রাঘাত নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি এবং নির্যাতনের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের অ্যাডভোকেসি পরিচালক বাহার ঘান্দেহারি বলেন, নিজের পছন্দমতো গান গাওয়া ও পোশাক পরার জন্য পারাস্তু আহমাদিকে বেত্রাঘাত করা তাঁর মৌলিক অধিকারের চরম লঙ্ঘন এবং নারীদের স্বাধীনতা দমনে ইরানি কর্তৃপক্ষের সংকল্পের ভীতিকর প্রকাশ।
ইরানের আইন অনুযায়ী বয়ঃসন্ধির পর নারী ও মেয়েদের হিজাবে চুল ঢাকতে হয় এবং আকৃতি বোঝা যায় না এমন লম্বা, ঢিলেঢালা পোশাক পরতে হয়।
২০২২ সালে হিজাব ‘যথাযথভাবে’ না পরার অভিযোগে তেহরানে নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। নিরাপত্তা বাহিনীর দমনে শত শত মানুষ নিহত হন। এরপর থেকে অনেক নারী ও মেয়ে প্রকাশ্যে চুল ঢাকা পুরোপুরি ছেড়ে দিয়েছেন; কর্তৃপক্ষ মাঝে মাঝে গ্রেপ্তার, সতর্কতা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের মতো পদক্ষেপে জবাব দিয়েছে।



