নেপালের বন্যা পুনর্গঠনে ১৬০ কোটি ডলারের প্যাকেজ দেবে ভারত, দিল্লিতে মোদী-বালেন্দ্র বৈঠক
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। মার্চে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম বিদেশ সফর এবং প্রথম দ্বিপক্ষীয় সফর। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের পর এই সফরের ঘোষণাগুলো আসে।
ভারত নেপালকে ১৬২ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ দেবে। আগস্টে নেপালে ভয়াবহ বন্যার পর এই সহায়তা ঘোষণা করা হয়েছে; ওই বন্যায় হাজার হাজার মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার কথা প্রতিবেদনে বলা হয়েছে।
ঘোষিত অঙ্কটি ভারতের সবচেয়ে বড় ত্রাণ প্রতিশ্রুতিগুলোর একটি। হিমালয় অঞ্চলের প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করার সময়েই এই ঘোষণা এলো, যেখানে প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে ভারতের প্রতিযোগিতা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নয়াদিল্লিতে বালেন্দ্র শাহের পাশে দাঁড়িয়ে মোদী বলেন, ‘আগস্টে নেপালে বিধ্বংসী বন্যায় প্রাণহানির জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নেপালের পুনর্গঠনে সহায়তা দিতে এবং এর দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আনতে আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।’
আগস্টের বন্যা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি হিমবাহের একটি অংশ ধসে পড়ে এবং ২৬ আগস্ট পানি ও কাদার স্রোত নেপালের রসুয়া ও নুয়াকোট অঞ্চল এবং চীনের তিব্বত অঞ্চলে নেমে আসে। এতে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
অক্টোবরে জাতিসংঘের জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল নেপালের সহায়তার জন্য ২ কোটি ডলার আলাদা করে রেখেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দুই দেশের যৌথ বিবৃতি অনুযায়ী, ভারতের প্যাকেজে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও নতুন অবকাঠামো প্রকল্পের জন্য ৩৭ কোটি ৭০ লাখ ডলার অনুদান এবং জ্বালানি প্রকল্পের জন্য ১২৪ কোটি ডলারের ঋণসুবিধা থাকবে।
বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। নেপালের আমদানির ৬০ শতাংশের বেশি, অর্থাৎ ৮৬০ কোটি ডলার, আসে ভারত থেকে; চীন থেকে আসে ১৩ শতাংশ বা ১৮০ কোটি ডলার।
বন্যা ত্রাণ প্যাকেজের বাইরে দুই নেতা শিক্ষা ও গবেষণা, স্যাটেলাইট যোগাযোগ এবং টেকসই নগর উন্নয়নে আরও সহযোগিতায় সম্মত হয়েছেন। তারা যৌথভাবে দুই দেশকে সংযোগকারী একটি ট্রেন লাইনও উদ্বোধন করেছেন।
বালেন্দ্র শাহ বলেন, ‘নেপাল ও ভারতের বন্ধুত্ব এমন হোক যেখানে আস্থা হিমালয়ের মতোই উঁচু হয়ে দাঁড়ায়।’


