ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা, দুবাই-হংকং-তুরস্কের প্রতিষ্ঠানও তালিকায়

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সোমবার ইরানের দুই ডজনের বেশি মানি এক্সচেঞ্জ হাউস, বিদেশি ছদ্ম প্রতিষ্ঠান ও আর্থিক মধ্যস্থতাকারীর বিরুদ্ধে ব্যাপক নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ, এরা বৈশ্বিক ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের মাধ্যমে কোটি কোটি ডলার সরিয়ে ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রেখেছে।
অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এই পদক্ষেপ নিয়েছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরান, দুবাই, হংকং ও তুরস্কজুড়ে বিস্তৃত এই আর্থিক কাঠামো তেহরানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে, তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রি করতে এবং রুশ রুবল ও চীনা ইউয়ানে লেনদেন নিষ্পত্তি করতে সাহায্য করে।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সংবাদ বিজ্ঞপ্তির আগে এক বিবৃতিতে লিখেছেন, ‘ইরানের অর্থনীতি পানির নিচে, আর এর নেতারা আতঙ্কে আছেন। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা একটি দেউলিয়া শাসনের শেষ আর্থিক জীবনরেখা। এই অবৈধ নেটওয়ার্কগুলো পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত অর্থ মন্ত্রণালয় তা চালিয়ে যাবে।’
সোমবারের এই তালিকাভুক্তি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের সর্বোচ্চ আর্থিক চাপের অভিযানের সর্বশেষ ধাপ। বেসেন্ট ২৪ আগস্ট এই অভিযান শুরু করেন, যার লক্ষ্য শাসনের বাকি রাজস্বের উৎস বন্ধ করা এবং তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া বিদেশি ব্যাংক ও দালালদের জন্য গৌণ নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়ানো।
অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের ছায়া ব্যাংকিং কাঠামো তত্ত্বাবধান করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এটি দেশীয় মানি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ব্যাংক-সংশ্লিষ্ট ‘রাহবার কোম্পানি’ জোড়া লাগিয়ে কাজ করে, যারা হাজার হাজার বিদেশি ছদ্ম প্রতিষ্ঠানের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্ক পরিচালনা করে।
মন্ত্রণালয় আরও বলেছে, তেলের রাজস্ব কমে যাওয়া ও বিদ্যমান নিষেধাজ্ঞার চাপে ছায়া ব্যাংকিং সুবিধাদাতারা ক্রমে রপ্তানি আয় ফেরত আনতে ব্যর্থ হচ্ছেন, একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থে নিজেরা সমৃদ্ধ হচ্ছেন।
সোমবারের প্যাকেজের সবচেয়ে পরিচিত লক্ষ্যগুলোর একটি হলো ইরানভিত্তিক ইরান সেন্টার ফর এক্সচেঞ্জ অব কারেন্সি অ্যান্ড গোল্ড। এটি বিদেশি মুদ্রাধারী ইরানি রপ্তানিকারকদের সঙ্গে বিদেশ থেকে পণ্য কিনতে চাওয়া আমদানিকারকদের মেলায়; এতে বছরে কয়েক হাজার কোটি ডলারের বাণিজ্য জড়িত। অর্থ মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংক এই এক্সচেঞ্জ সেন্টারের ইস্যু করা বন্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ডলারের ওপর নির্ভর না করে রুশ রুবল ও চীনা ইউয়ানে আন্তঃসীমান্ত বাণিজ্য সহজ করে।
ওএফএসি ইরানের ব্যাংক সারমায়েহর রাহবার সহযোগী রাহবার বাজারগানি নেসিম বাহারান কেশম কোম্পানি এবং এর তিন জ্যেষ্ঠ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জালালি, ভালিওল্লাহ হেম্মাতি ও আলি কালহোরকেও নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ, তারা বড় ইরানি তেল কোম্পানিগুলোর পক্ষে লেনদেন সহজ করেছে। ইরানভিত্তিক দুই মুদ্রা ব্যবসায়ী প্রতিষ্ঠান মিনা ফাশকি অ্যান্ড পার্টনার্স এক্সচেঞ্জ কোম্পানি ও মেল্লাত এক্সচেঞ্জ কোম্পানিকে তাদের পাঁচ মালিক ও কর্মকর্তাসহ কালো তালিকাভুক্ত করা হয়েছে।
তেহরানের বিদেশি পেমেন্ট চ্যানেল বন্ধ করতে অর্থ মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ের ১০টি এক্সচেঞ্জ হাউস ছদ্ম প্রতিষ্ঠানকে লক্ষ্য করেছে, যাদের বিরুদ্ধে ইরানি গ্রাহকদের জন্য কোটি কোটি ডলার সরানোর অভিযোগ রয়েছে। এর মধ্যে দুবাইভিত্তিক রেকাজ স্টার জেনারেল ট্রেডিং এলএলসি সাদাফ এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত ১৭ কোটি ডলারের বেশি মূল্যের শত শত পেমেন্ট পাঠিয়েছে ও গ্রহণ করেছে, আর ওজিএ গ্লোবাল জেনারেল ট্রেডিং এলএলসি রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির জন্য লাখ লাখ ডলারের পেমেন্ট তত্ত্বাবধান করেছে।
নতুন নিষেধাজ্ঞা পাওয়া অন্য ছদ্ম প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হংকংভিত্তিক গ্র্যান্ডেজ ট্রেডিং লিমিটেড, তুরস্কভিত্তিক বোগাজিচি গুমরুকলেমে ইথালাত ইহরাজাত তুরিজম পেট্রোল উরুনলেরি সানায়ি ভে তিজারেত লিমিটেড শিরকেতি এবং কয়েকটি দুবাইভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠান। এর মধ্যে গেসপল ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং এলএলসি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির তেল ও পেট্রোকেমিক্যাল আয় পাচারে ব্যবহৃত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, আর রোবাস্ট ট্রেডিং এলএলসি নিষেধাজ্ঞাধীন ন্যাশনাল ইরানিয়ান কপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির পেমেন্ট প্রক্রিয়া করেছে।
অর্থ মন্ত্রণালয় সন্ত্রাসবিরোধী কর্তৃত্ব ব্যবহার করে দুবাইভিত্তিক এইচ এন বি ট্রেডিং কো এলএলসিকেও নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ, এটি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে যুক্ত একটি ছদ্ম প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ ডলার পেয়েছে, যা নিষেধাজ্ঞাধীন শিপিং প্রতিষ্ঠান ড্রাগন রোড লিমিটেডের পাশাপাশি একটি জাহাজ ভাড়া করার অর্থ জোগাতে সাহায্য করেছে।
সোমবারের আদেশ অনুযায়ী, তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ ও সম্পত্তির স্বার্থ জব্দ হবে এবং আমেরিকানদের তাদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ থাকবে। অর্থ মন্ত্রণালয় সতর্ক করেছে, নিষেধাজ্ঞাধীন নেটওয়ার্কগুলোর জন্য জেনেশুনে উল্লেখযোগ্য লেনদেন সহজ করলে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের করেসপন্ডেন্ট অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে পড়বে। ১০ লাখ ডলারের বেশি জরিমানা হওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘনের তথ্য দেওয়া হুইসেলব্লোয়াররা শেষ পর্যন্ত ফেডারেল পুরস্কারের যোগ্য হতে পারেন বলেও জানানো হয়েছে।




