যুক্তরাষ্ট্রজুড়ে প্রযুক্তি বিভ্রাটের পর জরুরি প্রস্তুতিতে ঝুঁকছেন নিউইয়র্কের বাসিন্দারা
যুক্তরাষ্ট্রজুড়ে এ মাসে একের পর এক প্রযুক্তি বিভ্রাটের পর নিউইয়র্কের কিছু বাসিন্দা দীর্ঘমেয়াদি বিপর্যয়ের আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিতে শুরু করেছেন। ম্যানহাটনের ইস্ট ভিলেজে ১৯৮১ সাল থেকে বসবাসকারী ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিন ল্যাভেরি তাঁদের একজন।
ল্যাভেরি তাঁর ৩২ দশমিক ৫ বর্গমিটারের (৩৫০ বর্গফুট) অ্যাপার্টমেন্টে নগদ অর্থ ও অতিরিক্ত পানি মজুত রাখতে শুরু করেছেন। নিজেকে উষ্ণ রাখার উপায়ও তিনি খুঁজেছেন, তবে বলেছেন, শত শত ডলার দামের জেনারেটর কেনার সামর্থ্য তাঁর নেই।
জনমনে উদ্বেগ বাড়তে শুরু করে ১৩ নভেম্বরের পর, যখন একটি ত্রুটিপূর্ণ ফ্লাইট যোগাযোগব্যবস্থার কারণে সারা দেশে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা পরে জানান, একটি প্রযুক্তি হালনাগাদ ভুলভাবে প্রয়োগ হওয়ায় এই স্থগিতাদেশ হয়েছিল।
ফ্লাইট বিলম্বের প্রায় একই সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের ইমেইল প্ল্যাটফর্ম আউটলুকসহ বিভিন্ন সেবায় সমস্যার কথা জানায়।
পরের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং জেপিমরগান চেজসহ বিভিন্ন ব্যাংকও সেবা বিভ্রাটের কথা জানায়।
গত সপ্তাহে কর্তৃপক্ষ জানায়, ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে সন্দেহভাজন হ্যাকিংয়ের ঘটনাও তারা তদন্ত করছে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্রের প্রমাণ নেই, তবে ল্যাভেরির মতো বাসিন্দারা বলছেন, তাঁরা উদ্বিগ্ন।
ল্যাভেরি আল জাজিরাকে বলেন, ‘আমি নিজেকে ঝুঁকির মধ্যে মনে করি। আর আমি ভুক্তভোগী হতে চাই না। তবু মনে হয়, এমন কিছু ঘটলে প্রস্তুতি না নেওয়ার দায় আমারই হবে।’
তিনি ২০১২ সালের কথা স্মরণ করেন, যখন হারিকেন স্যান্ডির বন্যায় ম্যানহাটনের কিছু অংশে পরিবহন ও বিদ্যুৎব্যবস্থা ব্যাহত হয়েছিল। তাঁর এলাকা কয়েক দিন তাপ ও গরম পানি ছাড়া ছিল, এবং বাসিন্দাদের একে অন্যের ওপর নির্ভর করতে হয়েছিল। ল্যাভেরি বলেন, ‘আমি সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। প্রতিবেশীরাই প্রতিবেশীদের সাহায্য করেছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও গত কয়েক সপ্তাহে জরুরি প্রস্তুতির প্রতি আগ্রহ বেড়েছে। টিকটকে ‘ন্যাট’ নামে পরিচিত এক নিউইয়র্কবাসী মঙ্গলবার তাঁর লোয়ার ম্যানহাটনের অ্যাপার্টমেন্টের জন্য মজুত করা টিনজাত খাবার ও পানির ভিডিও প্রকাশ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অদ্ভুত কিছু ঘটছে। আমরা আসলে জানি না কী হচ্ছে, তবে মজুত করার ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি। দুঃখ পাওয়ার চেয়ে পাগলামি করাই ভালো।’
জরুরি প্রস্তুতি ফোরাম রেডিটের আর/প্রেপারস সম্প্রদায়ের মডারেটররা রোববার জানান, গত এক মাসে গ্রুপটি প্রায় ১২ হাজার নতুন সদস্য পেয়েছে। একই সময়ে এটি ৪২ লাখ বার দেখা হয়েছে, যা আগের মাসের তুলনায় ২৪ লাখ বেশি।
প্রযুক্তি বিভ্রাট শুরু হওয়ার আগেই গত কয়েক মাসে জরুরি পণ্যের কেনাকাটা বাড়ার ইঙ্গিত মিলেছে। পাইকারি বিক্রেতা কস্টকোর বিক্রি অক্টোবরে জ্বালানি বাদে ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান মিজুহো সিকিউরিটিজের বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, মাসের শেষ সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি প্রায় ১২ শতাংশে পৌঁছায় এবং নভেম্বরের শুরু পর্যন্ত তা অব্যাহত থাকে; এর কিছুটা তাঁরা সামাজিক মাধ্যমের ‘বিপর্যয়-আশঙ্কাজনিত’ কেনাকাটার সঙ্গে যুক্ত করেছেন।
সিরকানার তথ্য অনুযায়ী, ১ নভেম্বর শেষ হওয়া চার সপ্তাহে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের বিক্রি আগের বছরের তুলনায় ১৫৪ শতাংশ এবং জীবাণুনাশক ওয়াইপসের বিক্রি ৭২ শতাংশ বেড়েছে। নিউইয়র্কভিত্তিক জরুরি প্রস্তুতি প্রতিষ্ঠান ব্ল্যাক আমব্রেলার প্রধান নির্বাহী জোয়েল স্মারনফ আল জাজিরাকে বলেন, গত দুই সপ্তাহে তাঁর বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে, যার বড় অংশই নতুন গ্রাহক। তাঁর ভাষায়, ‘প্রতিদিনই একই সুর—আরেকটি বড় ব্র্যান্ড বিপর্যস্ত হচ্ছে।’
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের সম্ভাব্য ত্রুটি খুঁজে পাওয়া সহজ করে দিয়েছে, ফলে প্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই দুর্বলতা খুঁজে মেরামত করতে হচ্ছে। তবে জরুরি হালনাগাদগুলো জটিল ব্যবস্থায় প্রয়োগের সময় নিজেরাই বিভ্রাট ডেকে আনতে পারে।
বিভ্রাট নিয়ে জনমনের প্রশ্নের মুখে মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো সমন্বিত হামলার অংশ—এমন কোনো প্রমাণ তাঁরা পাননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, ‘তাদের শান্ত থাকতে বলুন। সবকিছু ঠিক আছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’
স্থানীয় কর্মকর্তারাও সরকারি জরুরি পরিকল্পনা তুলে ধরে বিভ্রাটের বিষয়ে বক্তব্য দিয়েছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ১৭ নভেম্বর বিভ্রাট নিয়ে কথা বলেন। হোচুল জানান, মাইক্রোসফট আউটলুকের প্রথম সমস্যার পর থেকে তিনি অঙ্গরাজ্যের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা দলের কাছ থেকে প্রতিদিন ব্রিফিং পাচ্ছেন এবং অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে।
নিউইয়র্ক সিটি জরুরি ব্যবস্থাপনা সংস্থা বাসিন্দাদের জরুরি পরিকল্পনা তৈরি করে সাত দিন চলার মতো ঘরোয়া সরঞ্জাম সংগ্রহের পরামর্শ দেয়। সংস্থাটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা এবং বিচ্ছিন্ন প্রতিবেশীদের—বিশেষ করে বয়স্ক ও চিকিৎসা বা চলাচলের বিশেষ চাহিদাসম্পন্নদের—খোঁজখবর নেওয়ারও আহ্বান জানায়।



