জর্জ ওয়াশিংটন সেতুতে গুলিতে কন এডিসন কর্মী হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তার ১০ লাখ ডলারের জামিন বাতিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জর্জ ওয়াশিংটন সেতুতে ব্যস্ত সময়ে রোড রেজের ঘটনায় এক ইউটিলিটি কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক এক পুলিশ কর্মকর্তার ১০ লাখ ডলারের জামিন বাতিল করেছেন আদালত। সোমবার আদালতে হাজিরার সময় নিহতের সমর্থকেরা অভিযুক্তকে উদ্দেশ করে ‘খুনি’ বলে চিৎকার করেন।
অভিযুক্তের নাম ভিক্টর রোমেরো, বয়স ৬২ বছর। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর জর্জ ওয়াশিংটন সেতু দিয়ে গাড়ি চালানোর সময় তিনি কোরান আরভাইনকে গুলি করে হত্যা করেন। পরদিনই রোমেরোকে গ্রেপ্তার করা হয়।
নিহত কোরান আরভাইনের বয়স ৪৬ বছর। তিনি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসনের কর্মী ছিলেন এবং দুই সন্তানের বাবা।
দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগে গ্র্যান্ড জুরির অভিযোগপত্রের পর সোমবার আদালতে রোমেরো নিজেকে নির্দোষ দাবি করেন। কৌঁসুলিরা তাঁর জামিন বাতিলের আবেদন করেছিলেন।
রোমেরো হেজ ফান্ড কিউভিটি ফাইন্যান্সিয়ালের নিরাপত্তারক্ষী ও গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। গত ২৩ অক্টোবর তিনি ১০ লাখ ডলারের বন্ড জমা দিয়ে জামিন পেয়েছিলেন; সেই বন্ডই এখন বাতিল করা হলো।
সোমবার ম্যানহাটনের আদালতকক্ষের বাইরে নিহতের সমর্থকদের একটি ভিড় জড়ো হয়েছিল। অভিযুক্ত ভবনে ঢোকার সময় তাঁরা ‘খুনি’ বলে চিৎকার করেন।
দোষী সাব্যস্ত হলে রোমেরোর সাজা হতে পারে সর্বনিম্ন ১৫ বছর থেকে যাবজ্জীবন, সর্বোচ্চ ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড। রোমেরোর আইনজীবীর মন্তব্য জানতে ফক্স নিউজ ডিজিটাল যোগাযোগ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।




