৬০ দিনের মধ্যে পারমাণবিক সক্ষমতার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে রাশিয়া, পশ্চিমা গোয়েন্দা সতর্কবার্তা

পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করা হয়েছে, রাশিয়া ৬০ দিনেরও কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে পারে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, এমন অস্ত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত হাজারো স্যাটেলাইট অকেজো করে দিতে পারে।
এই গোয়েন্দা প্রতিবেদন সামনে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শেনজেন সম্মেলনের মাত্র চার দিন পর। ওই সম্মেলনে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ছিল কেন্দ্রীয় বিষয়; তিন নেতা যৌথ ঘোষণায় বলেছিলেন পারমাণবিক যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়, তবে কোনো বাধ্যতামূলক অস্ত্র নিয়ন্ত্রণ অঙ্গীকার ঘোষণা করা হয়নি।
জার্মান সম্প্রচারমাধ্যম ডব্লিউডিআর ও এনডিআর এবং সংবাদপত্র সুডয়েচে সাইটুংয়ের ২৩ নভেম্বর প্রকাশিত যৌথ অনুসন্ধান অনুযায়ী, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে রাশিয়া ‘স্পুটনিক-এস’ নামে একটি স্যাটেলাইট তৈরি করেছে, যা কয়েক বছর ধরে মস্কো অঞ্চলে সংরক্ষিত রয়েছে। নভেম্বরের শুরুতে কয়েকটি ন্যাটো দেশের মধ্যে ভাগ করা গোয়েন্দা সতর্কবার্তায় বলা হয়, পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য নকশা করা এই স্যাটেলাইট ৬০ দিনের মধ্যে উৎক্ষেপণ করা হতে পারে।
জার্মানির সামরিক স্পেস কমান্ডের মূল্যায়নে ডিসেম্বরে উৎক্ষেপণ সম্ভব বলে উল্লেখ করা হয়েছে। জার্মান অনুসন্ধানে আরও বলা হয়েছে, সামরিক কর্মকর্তারা প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসসহ ঊর্ধ্বতন সরকারি ব্যক্তিদের এই হুমকি সম্পর্কে অবহিত করেছেন।
সোমবার বার্লিনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই অভিযোগকে ‘মর্মান্তিক’ বলে বর্ণনা করেন, যদিও তিনি বলেন রাশিয়ার পারমাণবিক মহাকাশ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ পুরোপুরি নতুন নয়। রুটে বলেন, ন্যাটো ক্রমাগত নিজের প্রতিরক্ষা সক্ষমতা মূল্যায়ন করছে এবং জোট ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে। তিনি আরও বলেন, জোটের প্রতিরক্ষা পরিকল্পনায় মহাকাশের হুমকিও রয়েছে এবং ন্যাটোর কাছে এমন প্রতিক্রিয়া বিকল্প রয়েছে যা সবসময় জনসমক্ষে দৃশ্যমান নয়।
ক্রেমলিন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গোয়েন্দা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এতে অসংখ্য অপ্রমাণিত দাবি রয়েছে যা ‘গুরুত্ব সহকারে নেওয়ার মতো নয়’। দ্য মস্কো টাইমসের বরাতে তিনি বলেন, প্রতিবেদনটি তাঁরা দেখেননি, তবে এতে কার বরাতে এত ‘অভিযোগ’ ও ‘সম্ভাব্য’ দাবি এসেছে তা বোঝা কঠিন। বার্লিনে রাশিয়ার দূতাবাসও প্রতিবেদনটিকে প্রচারণা বলে উড়িয়ে দিয়ে বলেছে, মস্কোর মহাকাশ কার্যক্রম শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এর আগের মূল্যায়নে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) অক্টোবরে প্রকাশ্যে জানিয়েছিল, রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্যাটেলাইট তৈরি করছে। ‘২০২৬ চ্যালেঞ্জেস টু সিকিউরিটি ইন স্পেস’ মূল্যায়নে সংস্থাটি বলেছিল, রাশিয়া এমন একটি স্যাটেলাইট তৈরি করছে যা পারমাণবিক অস্ত্র বহনের জন্য নকশা করা।
প্রচলিত অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র একটি নির্দিষ্ট মহাকাশযানকে লক্ষ্য করে, কিন্তু কক্ষপথে পারমাণবিক বিস্ফোরণ বিকিরণ ও তড়িৎচুম্বকীয় প্রভাবে বিপুল সংখ্যক স্যাটেলাইট অকেজো করে দিতে পারে। স্যাটেলাইট জিপিএস নেভিগেশন, আন্তর্জাতিক যোগাযোগ, আর্থিক লেনদেন, আবহাওয়ার পূর্বাভাস ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সমর্থন দেয়। ইউক্রেনের সামরিক বাহিনীও যুদ্ধে স্পেসএক্সের স্টারলিংকসহ স্যাটেলাইট যোগাযোগের ওপর ব্যাপকভাবে নির্ভর করে।
কক্ষপথে পারমাণবিক অস্ত্র স্থাপন ১৯৬৭ সালের মহাকাশ চুক্তির লঙ্ঘন হবে, যা মহাকাশে পারমাণবিক অস্ত্র বা অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাইডেন প্রশাসন প্রকাশ্যে স্বীকার করেছিল যে রাশিয়া উদ্বেগজনক অ্যান্টি-স্যাটেলাইট সক্ষমতা তৈরি করছে, যদিও তখন কর্মকর্তারা বলেছিলেন এমন কোনো অস্ত্র মোতায়েন করা হয়নি।
জার্মান প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে হুমকিটি এখন আরও নিকটবর্তী পর্যায়ে পৌঁছাতে পারে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি, যার মধ্যে রয়েছে স্যাটেলাইটটিতে ইতিমধ্যে পারমাণবিক ওয়ারহেড আছে কি না এবং উৎক্ষেপণ প্রস্তুতির খবর পশ্চিমা গোয়েন্দারা স্বাধীনভাবে যাচাই করেছেন কি না।




