…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বগুড়ার সোনাতলায় ভাষাসৈনিকের জমি দখলের চেষ্টার অভিযোগ যুবদল নেতা ও তাঁর বাবার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সোনাতলায় ভাষাসৈনিকের জমি দখলের চেষ্টার অভিযোগ যুবদল নেতা ও তাঁর বাবার বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলায় ভাষাসৈনিক মঈদুল হাসান তরফদারের প্রায় দুই একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতা ও তাঁর বাবার বিরুদ্ধে। আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকার পরও জমির গাছ কেটে নেওয়া হয়েছে এবং স্থাপনা নির্মাণের জন্য সেখানে ইট-বালু ফেলা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

ভাষাসৈনিক মঈদুল হাসান তরফদারের বয়স এখন ৯২ বছর। বয়সের ভারে তিনি চলাফেরা করতে পারেন না। অসুস্থতার কারণে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ইয়াসমিন হাসান জমি দখলের চেষ্টার অভিযোগে সোনাতলা থানায় লিখিত আবেদন করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ১৯৯৭ সালে মঈদুল হাসান তরফদার সোনাতলা উপজেলার উত্তর জোরগাছা মৌজায় ১৯৮ শতক জমি কেনেন। জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। ওই জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

ইয়াসমিন হাসানের অভিযোগ, যুবদল নেতা রাসেল মাহমুদ ও তাঁর বাবা কৃষক দল নেতা মোস্তাফিজুর রহমান নান্নু আদালতের নির্দেশ অমান্য করে জমিটি দখলের চেষ্টা করছেন। ৮ নভেম্বর তাঁরা জমি থেকে দুটি আমগাছ ও দুটি কাঁঠালগাছ কেটে নিয়ে যান। পরে সেখানে স্থাপনা নির্মাণের জন্য ইট-বালু ফেলে রাখা হয়। এ কাজে বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে বলা হয়েছে।

ইয়াসমিন হাসান বলেন, ‘বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনকে আদালতের আদেশ দেখানো হলে তিনি আদালত থেকে থানায় নির্দেশনা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। কিন্তু এখন পর্যন্ত কোনো আইনি সহযোগিতা পাইনি।’

অভিযোগের বিষয়ে রাসেল মাহমুদ বলেন, ‘ওই সম্পত্তি আমাদের কেনা। তাঁরা যাঁদের কাছ থেকে জমি কিনেছেন বলে দাবি করছেন, তাঁদের কাগজপত্র সঠিক নয়। আদালত থেকেও আমরা ডিক্রি পেয়েছি। সেই কাগজপত্র থানায় দেখানো হয়েছে।’

রাসেল মাহমুদ আরও বলেন, ‘মঈদুল হাসান তরফদার আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে ৩১টি মামলা দেওয়া হয়েছিল। আমার বাবার নামেও মামলা হয়েছিল। ওই জমিতে আমাদের দোকান ও কোচিং সেন্টার রয়েছে। সেখানে কাজ করার জন্য ইট-বালু রাখা হয়েছে। ভাষাসৈনিক পরিচয় ব্যবহার করে আমাদের হয়রানি করতে থানায় অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিবাদীপক্ষ আদালতের সর্বশেষ আদেশ দেখিয়েছে, সেখানে আদেশ তাঁদের পক্ষে রয়েছে। ভাষাসৈনিকের পক্ষ থেকে আদালতের আদেশের কোনো কপি দেওয়া হয়নি। উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধা…

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
আইন ও অপরাধ

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পি…

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ
আইন ও অপরাধ

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। বুধবার সকালে সড়ক অবরোধের চেষ্ট…

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন
আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড…