ইস্তাম্বুলের উপকণ্ঠে সিংহীর খোঁজে পুলিশের অভিযান, বন্ধ বনাঞ্চল
তুরস্কের ইস্তাম্বুলের উপকণ্ঠে একটি সিংহী ঘুরে বেড়াচ্ছে বলে খবর পাওয়ার পর পুলিশ ও প্রাণীকল্যাণ দল সেটির খোঁজে অভিযান শুরু করেছে। সোমবার নগর কর্তৃপক্ষ শহরের উত্তরাঞ্চলের সারিয়ের জেলার একটি বনাঞ্চল বন্ধ করে দিয়েছে, কারণ আগের সন্ধ্যায় ওই এলাকায় বড় বিড়ালজাতীয় প্রাণীটিকে দেখা গিয়েছিল।
তুরস্কের জাতীয় উদ্যান অধিদপ্তর রোববার জানায়, ইস্তাম্বুলের ইউরোপীয় অংশের উত্তরে জেকেরিয়াকয় এলাকার পুলিশ কর্মকর্তারা নজরদারি ক্যামেরায় ‘সিংহের মতো দেখতে একটি প্রাণী’ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। তুর্কি গণমাধ্যমে পুনঃপ্রকাশিত ঝাপসা নিরাপত্তা ক্যামেরার ফুটেজে খোলা গ্রামাঞ্চলের এক খণ্ড জমি পেরিয়ে যাওয়া একটি বড় বিড়ালজাতীয় প্রাণীকে দেখা গেছে বলে মনে হয়েছে।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয় তথ্যটি নিশ্চিত করে বলেছে, ‘এটিকে জীবিত ধরার জন্য প্রয়োজনীয় যত্ন নেওয়া হচ্ছে।’ উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ পশুচিকিৎসক এবং তাপ-শনাক্তকরণ ক্যামেরা সজ্জিত দল অনুসন্ধানে সহায়তা করছে।
ড্রোনের সহায়তায় ৭০ জনের বেশি কর্মী ইস্তাম্বুলের উত্তরে ৫৪ বর্গকিলোমিটার (২১ বর্গমাইল) জুড়ে বিস্তৃত বেলগ্রেড বনের ভেতরে ও আশপাশে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং এলাকায় ঢোকা ও বেরোনোর সড়কগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আরদা কোচ বলেছেন, রোববার সন্ধ্যায় অনুসন্ধানে যোগ দিয়ে তিনি সিংহীটিকে দেখেছিলেন। তিনি তুরস্কের জুমহুরিয়েত পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি নিয়ে এটি দেখার আশায় ঘুরতে বের হয়েছিলাম। গাড়ি চালানোর সময় এটি হঠাৎ আমার সামনে লাফিয়ে এল। প্রথমে ভয় পেয়েছিলাম। এরপর সঙ্গে সঙ্গে জেন্ডারমেরিকে জানাই।’
সারিয়ের জেলার মেয়র মুস্তাফা ওকতায় আকসু উল্লেখ করেছেন, সিংহীটি রাতে যেসব মুরগির পাশ দিয়ে গেছে সেগুলোর কোনো ক্ষতি করেনি, যা থেকে মনে হয় এটিকে হাতে পালন করা হয়েছিল। তবে তিনি সতর্ক করেছেন, এটিকে এখনও বিপজ্জনক হিসেবেই বিবেচনা করা উচিত।
এদিকে অধিকারকর্মী ও অধ্যাপকেরা প্রশ্ন তুলেছেন, প্রজাতিটি তুরস্কে আনা হলো কীভাবে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়-জেরাহপাশার বনবিদ্যা বিভাগের অধ্যাপক দোগানায় তোলুনায় সোমবার এক্সে লিখেছেন, যেসব প্রশ্ন করা দরকার তার মধ্যে আছে—‘বিশ্বব্যাপী হুমকির মুখে থাকা একটি প্রজাতি আমাদের দেশে আনা হলো কীভাবে, এটি শুল্ক পার হলো কীভাবে, যারা এটিকে খাওয়াচ্ছে তাদের এখনও শনাক্ত করা যায়নি কেন’ এবং ‘সিংহটি ধরা পড়লে কী হবে’।
পাচারকারীরা আফ্রিকা ও এশিয়ার সঙ্গে তুরস্কের বিমান সংযোগ কাজে লাগানোয় দেশটি বন্য প্রাণীর অবৈধ বাণিজ্যের একটি কেন্দ্র হয়ে উঠেছে। ২০২৪ সালের ডিসেম্বরে নাইজেরিয়া থেকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ইস্তাম্বুল বিমানবন্দরে আবিষ্কারের পর একটি ছোট গরিলাকে উদ্ধার করা হয়েছিল।


