ক্যালিফোর্নিয়ার শেরিফের নিরাপত্তায় এক বছরে ৩০ লাখ ডলারের বেশি খরচ, তালিকায় ৬৬৫ ডলারের স্টেক ডিনারও

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টি এক বছরে তার শেরিফ চ্যাড বিয়ানকোর নিরাপত্তা দলের পেছনে ৩০ লাখ ডলারের বেশি খরচ করেছে এবং করদাতাদের টাকায় হোটেল কক্ষ, ভ্রমণ ও ৬৬৫ ডলারের একটি স্টেক ডিনারের বিলও পরিশোধ হয়েছে। রিভারসাইড কাউন্টির অডিটর-কন্ট্রোলারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিয়ানকো রিপাবলিকান দলের সাবেক গভর্নর প্রার্থী। প্রতিবেদন অনুযায়ী, তাঁর গভর্নর নির্বাচনের প্রচারের শেষ মাসগুলোতে নিরাপত্তা ব্যয় বেড়ে যায় এবং এপ্রিল মাসে তা সর্বোচ্চ ৪ লাখ ৩৯ হাজার ডলারে পৌঁছায়। এই খরচের মধ্যে প্রচার অনুষ্ঠানে নিরাপত্তাকর্মীদের বিমান ভাড়া, হোটেল, ভাড়া গাড়ি ও খাবারের বিল রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা লেনদেনের মধ্যে রয়েছে সেন্ট লুইসের রিটজ-কার্লটন হোটেলের কক্ষ, যেখানে বিয়ানকো একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন, এবং লস অ্যাঞ্জেলেসে একটি স্টেক ডিনার। প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রিভারসাইড প্রেস-এন্টারপ্রাইজ।
ব্যয়ের এই পরিমাণ নিয়ে কাউন্টিতে উদ্বেগ তৈরি হয়েছে। কাউন্টি সুপারভাইজার হোসে মেদিনা রিভারসাইড রেকর্ডকে বলেন, এক বছরে এত টাকা খরচ হওয়া উদ্বেগজনক এবং অঙ্কটি খুবই বেশি বলে মনে হচ্ছে।
তবে শেরিফের দপ্তর মেদিনার সমালোচনার জবাব দিয়েছে। কাউন্টি আন্ডারশেরিফ ও বিয়ানকোর চিফ অব স্টাফ ডন শার্প বলেন, নিরাপত্তা দল গঠন ও মোতায়েনের সিদ্ধান্ত তাঁরই ছিল এবং শেরিফের পাওয়া প্রাণনাশের হুমকির কারণেই এই ব্যয় প্রয়োজন ছিল। তাঁর ভাষ্য, বিয়ানকোর পদ, জনসমক্ষে উপস্থিতি এবং তাঁর দিকে আসা হুমকির ধরন কর্মস্থলের দেয়ালের বাইরেও নিরাপত্তা উদ্বেগ তৈরি করে।
শার্প আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা রাজনৈতিক মতপার্থক্য নয়, নিরাপত্তা বিবেচনার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং কোনো নির্বাচিত কর্মকর্তার বিরুদ্ধে হুমকিকে গুরুত্ব দেওয়ার দায়িত্ব রাজনৈতিক সমালোচনার বিষয় হওয়া দুর্ভাগ্যজনক। তিনি বলেন, বিয়ানকো মহামারির সময় থেকে প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন এবং সময়ের সঙ্গে তা বেড়েছে; এ নিয়ে ক্যালিফোর্নিয়া ও অন্য অঙ্গরাজ্যে গ্রেপ্তারও হয়েছে।
বিয়ানকো ২০২০ সালের শেষ দিকে জাতীয় আলোচনায় আসেন, যখন তিনি কোভিড নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের পদক্ষেপ এবং ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি তাঁর 'স্বৈরাচারী মনোভাবের' সমালোচনা করেন। তিনি মাস্ক পরা ও সামাজিক দূরত্বের পক্ষে বললেও ব্যবসা বন্ধ ও ঘরে থাকার নির্দেশকে 'হাস্যকর' বলেছিলেন।
২০২৪ সালে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে বলেছিলেন, 'হোয়াইট হাউসে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীকে বসানোর সময় এসেছে।' ২০২৫ সালে তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন; প্রাইমারিতে তিনি চতুর্থ হন এবং সাধারণ নির্বাচনে যেতে পারেননি।
এ বছর বিয়ানকো আবার আলোচনায় আসেন, যখন তিনি প্রতারণার ভিত্তিহীন অভিযোগের তদন্তের অংশ হিসেবে ৬ লাখ ৫০ হাজার ব্যালট জব্দ করেন—একটি নজিরবিহীন পদক্ষেপ, যাকে অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট নির্বাচন আইনের লঙ্ঘন বলে রায় দেয়। তাঁকে ব্যালট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে নিরাপত্তা ব্যয় কমতে শুরু করে, সেপ্টেম্বরে তা আবার বেড়ে ২ লাখ ৮৩ হাজার ডলার হয় এবং অক্টোবরে মাসিক খরচ নেমে আসে ৮৭ হাজার ডলারে।




