গ্রোক দিয়ে শিশুদের যৌন ছবি তৈরির অভিযোগে স্পেসএক্সের বিরুদ্ধে মামলা ভার্জিনিয়া ও ওরেগনের
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ওরেগন অঙ্গরাজ্য ইলন মাস্কের স্পেসএক্সের বিরুদ্ধে আলাদা মামলা করেছে। সোমবার দায়ের করা মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, যৌন ছবি তৈরি করতে পারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চালু করার সময় সুরক্ষাব্যবস্থা এড়িয়ে গিয়ে প্রতিষ্ঠানটি ভোক্তাদের ক্ষতি করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি অঙ্গরাজ্য একই ধরনের দাবিতে গ্রোক নিয়ে তদন্তের ঘোষণা দিলেও ভার্জিনিয়া ও ওরেগনই প্রথম মামলা করল। দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা অঙ্গরাজ্য আদালতে অভিযোগ দায়ের করেছেন।
মামলাগুলোতে স্পেসএক্সের বিরুদ্ধে গ্রোকের নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করা এবং এর 'স্পাইসি মোড' প্রচার করার সময় পর্যাপ্ত সুরক্ষা না রাখার অভিযোগ আনা হয়েছে। মামলার ভাষ্য অনুযায়ী, এই ফিচার দিয়ে ব্যবহারকারীরা কোনো ব্যক্তির বিদ্যমান ছবি ব্যবহার করে যৌন বা নগ্ন ছবি বা ভিডিও তৈরি করতে পারেন।
ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোন্স তাঁর অঙ্গরাজ্যের মামলায় বলেছেন, প্রতিষ্ঠানটি লাখ লাখ মানুষের নিরাপত্তার চেয়ে নিজের ব্যবসায়িক মডেলকে অগ্রাধিকার দিয়েছে। তাঁর অভিযোগ, পিছিয়ে থাকা পণ্য গ্রোককে লাখ লাখ নতুন ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি শিল্পমানের সুরক্ষাব্যবস্থা সরিয়ে দেয় এবং নগ্নতা তৈরির জন্য বানানো 'স্পাইসি মোড' বাজারজাত করে; দুর্বল সুরক্ষা তাদের কাছে ব্যর্থতা নয়, বরং একটি ফিচার ছিল।
ভার্জিনিয়া ও ওরেগন স্পেসএক্সের বিরুদ্ধে নিজ নিজ অঙ্গরাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা ক্ষতিপূরণ ও জরিমানা চায় এবং আদালতের এমন আদেশ চায় যাতে প্রতিষ্ঠানটিকে অঙ্গরাজ্য আইন লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করা হয়।
স্পেসএক্স মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। গ্রোক ব্যবহার করা যায় এক্স প্ল্যাটফর্মে, যেটি স্পেসএক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান।
সোমবার এক্সে দেওয়া এক বিবৃতিতে প্ল্যাটফর্মটির নিরাপত্তা দল মামলাগুলোর সরাসরি উল্লেখ না করে বলেছে, যৌন বা নগ্ন ছবি তৈরি করতে পারে এমন প্রম্পট ব্লক করতে তারা পদক্ষেপ নিয়েছে এবং যারা প্ল্যাটফর্ম ব্যবহার করে এ ধরনের ছবি বানায়, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, যারা গ্রোক ইমাজিন দিয়ে এই উপাদান তৈরি করার চেষ্টা করেছে, তারা ইচ্ছাকৃতভাবে সেবার শর্ত ভেঙেছে এবং সুরক্ষাব্যবস্থা এড়াতে আক্রমণাত্মকভাবে চেষ্টা করেছে।
ভার্জিনিয়ার মামলায় সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের একটি গবেষণার তথ্য উল্লেখ করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে গ্রোক এক্সে লাখ লাখ যৌন ছবি তৈরি ও পোস্ট করেছে, যার মধ্যে ২০ হাজারের বেশি ছবিতে শিশুদের দেখা গেছে।
মামলায় আরও বলা হয়েছে, ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তদন্তকারীরা দেখেছেন, গ্রোকের ছবি পরিমিতকরণ (মডারেশন) ছিল অসঙ্গত এবং চ্যাটবটটি ব্যবহারকারীদের পরামর্শ দিত কীভাবে নির্দিষ্ট শব্দ এড়িয়ে এই পরিমিতকরণ ফাঁকি দেওয়া যায়।
মামলার ভাষ্য অনুযায়ী, জানুয়ারি থেকে গ্রোক ব্যবহারকারীদের বলতে শুরু করে যে এর ছবি তৈরির সুবিধা শুধু অর্থ পরিশোধকারী গ্রাহকদের জন্য—এতে ছবি তৈরি বন্ধ হয়নি, তবে প্রতিষ্ঠানটি তা থেকে লাভ করেছে।
এ ছাড়া স্পেসএক্স আরও এক ডজনের বেশি মামলার মুখে রয়েছে, যেগুলো করেছেন এমন ব্যক্তিরা যাঁরা বলছেন, নাবালক বা প্রাপ্তবয়স্ক অবস্থায় তাঁদের অসম্মতিমূলক যৌন ছবি গ্রোক দিয়ে তৈরি করা হয়েছে।



