'প্রতিরোধমূলক পারমাণবিক হামলা' চালাতে পারে রাশিয়া, মেদভেদেভের হুঁশিয়ারি ইউক্রেন ও ন্যাটোকে

রাশিয়া সোমবার হুঁশিয়ারি দিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে তারা 'প্রতিরোধমূলক পারমাণবিক হামলা' চালাতে পারে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, ইউক্রেন ও ন্যাটো মিত্ররা ইতিমধ্যে এমন কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে বাধ্য করতে পারে।
মেদভেদেভ সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত একটি প্রবন্ধে লিখেছেন, বিপর্যয় ডেকে আনে এমন অপারমাণবিক উপায়ের ব্যাপক ব্যবহার রাশিয়ার পক্ষে প্রতিরোধমূলক পারমাণবিক হামলাকে সম্ভব করে তোলে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রবন্ধটির অংশবিশেষ প্রকাশ করেছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, পশ্চিমাদের গোপনে কিয়েভের কাছে পারমাণবিক অস্ত্র সরবরাহ রাশিয়ার বৈধ প্রতিরোধমূলক পারমাণবিক হামলাকে উসকে দেবে।
তিনি লিখেছেন, কিয়েভ ও তার মিত্রদের মনে রাখতে হবে, রাশিয়ার শুধু অধিকারই নয়, বিভিন্ন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতাও রয়েছে। প্রবন্ধটির শিরোনাম 'রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের আন্তর্জাতিক আইনি দিক'।
মেদভেদেভের এই হুঁশিয়ারি এসেছে ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ এবং কিয়েভের প্রতি ন্যাটোর সামরিক সমর্থন নিয়ে মস্কো ও পশ্চিমাদের চলমান উত্তেজনার মধ্যে। তিনি যুক্তি দিয়েছেন, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা ইতিমধ্যে এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে রাশিয়া পারমাণবিক হামলার সম্ভাবনা বিবেচনা করতে পারে, যদিও তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন সিদ্ধান্তের আগে পরিণতি সতর্কভাবে বিবেচনা করেন।
তিনি লিখেছেন, আনুষ্ঠানিকভাবে কয়েকটি ক্ষেত্রে তাঁদের বিরোধী পক্ষগুলো—ইউক্রেন, ন্যাটো দেশগুলো এবং জোটের বাইরের কয়েকটি পশ্চিমা দেশ—ইতিমধ্যে এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে রাশিয়া পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে।
তবে মেদভেদেভ এও লিখেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি, কারণ তারা তা প্রয়োজনীয় মনে করেনি; যদিও সেই হিসাব বদলে যেতে পারে বলে তিনি হুঁশিয়ার করেছেন। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত ইউক্রেন সংকটের ঘটনাপ্রবাহ পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজন তৈরি করেনি।
তিনি যুক্তি দিয়েছেন, রাশিয়ার পারমাণবিক নীতিমালায় প্রতিরোধমূলক হামলার সুস্পষ্ট অনুমোদন না থাকলেও প্রচলিত অস্ত্র দিয়ে বিপর্যয়কর হামলা বা ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র হস্তান্তরের মতো পরিস্থিতি আগাম পদক্ষেপকে যৌক্তিক করতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র পুতিনের হাতে বলেও তিনি উল্লেখ করেছেন।
মেদভেদেভের এই মন্তব্য এসেছে তার কয়েক দিনের মধ্যেই, যখন ১৯ নভেম্বর চীনের শেনজেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতারা পারমাণবিক ঝুঁকি কমানো ও বিস্তার রোধে আলোচনা এগিয়ে নিতে সম্মত হন। শীর্ষ বৈঠকে অস্ত্র হ্রাসে বড় কোনো অগ্রগতি না হলেও নেতারা এক ঘোষণায় পুনর্ব্যক্ত করেন, পারমাণবিক যুদ্ধে জেতা যায় না এবং তা কখনোই লড়া উচিত নয়।
নিজের যুক্তির সমর্থনে মেদভেদেভ আন্তর্জাতিক বিচার আদালতের ১৯৯৬ সালের একটি উপদেষ্টামূলক মতামতের উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, কোনো রাষ্ট্রের টিকে থাকা ঝুঁকিতে পড়লে আন্তর্জাতিক আইন পারমাণবিক অস্ত্র ব্যবহারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে না। আদালত তখন বলেছিল, পারমাণবিক অস্ত্রের হুমকি বা ব্যবহার সাধারণত আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হবে, তবে আত্মরক্ষার চরম পরিস্থিতিতে তা বৈধ হবে কি না, সে বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং পরে পুতিনের অধীনে প্রধানমন্ত্রী থাকা মেদভেদেভ ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে পারমাণবিক উত্তেজনা নিয়ে মস্কোর সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর একজন হয়ে উঠেছেন। তিনি ন্যাটো সদস্যদের বিরুদ্ধে অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টা দুর্বল করার অভিযোগ করেছেন, জার্মানির পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় অংশগ্রহণের সমালোচনা করেছেন এবং বলেছেন, ন্যাটোর পারমাণবিক ভাগাভাগির নীতি পারমাণবিক বিস্তার রোধ চুক্তির সর্বজনস্বীকৃত ব্যাখ্যা নয়।
সোমবার তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিষয়ে দ্বিমুখী নীতির অভিযোগও করেছেন। তাঁর দাবি, ওয়াশিংটন বিস্তার রোধের আশঙ্কাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে যৌক্তিক করেছে, অথচ নিজের উদ্দেশ্য অনুসরণ করেছে।



