নিউ জার্সির ইসলামোফোবিয়া বিল নিয়ে সাবেক নেভি সিলের আপত্তি, ‘বাকস্বাধীনতা ঝুঁকিতে’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মুসলিমবিরোধী বৈষম্য মোকাবিলায় আনা একটি প্রস্তাবিত বিল নিয়ে আপত্তি তুলেছেন আইনজীবী ও সাবেক নেভি সিল বিল ব্রাউন। তাঁর মতে, অ্যাসেম্বলি বিল ১১৪৬-এর ভাষা এতটাই বিস্তৃত যে ধর্মীয় ও রাজনৈতিক ধারণা নিয়ে সমালোচনা করতে গিয়ে সাধারণ মানুষ দ্বিধায় পড়তে পারেন।
পারলাতোরে ল গ্রুপের অংশীদার ব্রাউন ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, বিলটিতে প্রথম সংশোধনীর অধিকার স্পষ্টভাবে সংরক্ষণের কথা বলা থাকলেও এর ভাষা জনপরিসরে বিতর্ককে নিরুৎসাহিত করতে পারে। তাঁর ভাষায়, ‘রাষ্ট্রীয় নজরদারির হুমকিই জনবিতর্কের ওপর সরাসরি আঘাত।’
প্রস্তাবিত বিলে ইসলামোফোবিয়ার একটি অঙ্গরাজ্য পর্যায়ের সংজ্ঞা নির্ধারণের কথা বলা হয়েছে। একই সঙ্গে কোনো অভিযুক্ত বৈষম্যমূলক কাজ মুসলিমবিরোধী বিদ্বেষ থেকে ঘটেছে কি না, তা নির্ধারণে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই সংজ্ঞা বিবেচনায় নিতে হবে।
বিলের সংজ্ঞায় ‘মুসলিম ব্যক্তি বা তাঁদের সংস্কৃতির প্রতি ঘৃণা বা তীব্র অবজ্ঞা’ এবং বক্তব্যভিত্তিক, সহিংস বা শারীরিক মুসলিমবিরোধী প্রকাশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে মুসলিম নারীদের হিজাব টেনে খুলে ফেলা, বৈষম্যমূলক আচরণ এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের জন্য মুসলিমদের সমষ্টিগতভাবে দায়ী করার কথা উল্লেখ করা হয়েছে।
বিলটির প্রস্তাবক ডেমোক্র্যাটিক অ্যাসেম্বলিম্যান জো ড্যানিয়েলসেন। সহ-প্রস্তাবক হিসেবে রয়েছেন ডেমোক্র্যাটিক অ্যাসেম্বলি সদস্য ভারলিনা রেনল্ডস-জ্যাকসন ও মিচেল ড্রুলিস এবং অ্যাসেম্বলিম্যান রয় ফ্রেইমান। বিলের পক্ষের বক্তব্য অনুযায়ী, একটি অভিন্ন সংজ্ঞা কর্মকর্তাদের মুসলিমবিরোধী অপরাধ, হয়রানি ও বৈষম্য শনাক্ত ও তদন্তে সহায়তা করবে। ফক্স নিউজ ডিজিটাল ড্যানিয়েলসেন ও তিন সহ-প্রস্তাবকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি।
বিলটি ইসলামের সমালোচনার জন্য আলাদা কোনো ফৌজদারি অপরাধ তৈরি করবে না। বৈষম্যমূলক কাজ নিষিদ্ধ করে এমন বিদ্যমান নীতি, আইন বা বিধির অভিযুক্ত লঙ্ঘন পর্যালোচনার সময় কর্মকর্তাদের সংজ্ঞাটি বিবেচনায় নিতে নির্দেশ দেওয়া হয়েছে এতে। বিলে স্পষ্ট করে বলা হয়েছে, এর কোনো কিছুই প্রথম সংশোধনী বা নিউ জার্সির সংবিধানে সুরক্ষিত অধিকার ক্ষুণ্ন করবে না।
এই সুরক্ষার কথা উল্লেখ থাকা সত্ত্বেও ব্রাউন বলেছেন, শেষ পর্যন্ত মামলা সফল হোক বা না হোক, নজরদারির সম্ভাবনাই মানুষকে কথা বলতে নিরুৎসাহিত করতে পারে। তাঁর ভাষায়, ‘প্রথম সংশোধনী নিশ্চয়তা দেয় যে কোনো ধর্ম বা ধর্মতত্ত্ব সমালোচনার ঊর্ধ্বে নয়।’
ব্রাউন বিলের আইনগত পর্যবেক্ষণে থাকা একটি বিধানের দিকেও আপত্তি তুলেছেন, যেখানে ‘অ্যান্টি-ইসলামিজম’ শব্দটিকে ইসলামোফোবিয়ার একই বৈশিষ্ট্য বোঝাতে পারে এমন শব্দের তালিকায় রাখা হয়েছে। তাঁর মতে, এতে মুসলিম ব্যক্তিদের প্রতি কুসংস্কার আর একটি রাজনৈতিক আন্দোলনের সমালোচনার মধ্যকার পার্থক্য ঝাপসা হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাঁর ভাষায়, ‘ইসলামিজম একটি স্বতন্ত্র ভূরাজনৈতিক আন্দোলন; এটি শুধু একটি ধর্মবিশ্বাস নয়।’
ব্রাউন প্রস্তাবটিকে ‘পরোক্ষ ধর্ম অবমাননা আইন’ বলে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্য, সরকারের উচিত মানুষের অধিকার রক্ষা করা, একই সঙ্গে তাঁদের ধর্মীয় বিশ্বাসকে জনপরিসরে যাচাই-বাছাইয়ের সুযোগ দেওয়া। বিলে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর এমন সমালোচনা বাদ দেওয়া হয়েছে, যা অন্য দেশগুলোর প্রতি করা সমালোচনার সঙ্গে তুলনীয়; তবে ব্রাউনের মতে, ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের সমালোচনারও সুরক্ষা প্রয়োজন।
ব্রাউন জানিয়েছেন, তাঁর এই উদ্বেগের পেছনে সামরিক জীবনের অভিজ্ঞতার ভূমিকা রয়েছে। তিনি ইরাকে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সাড়া দেওয়ার কথা স্মরণ করেছেন এবং জিহাদি মতাদর্শের বিরুদ্ধে কথা বলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা বলেছেন। সেনাবাহিনী ছাড়ার পর রাটগার্সে আরবি ভাষা শেখার সময় মুসলিম আমেরিকান সহপাঠীরা ভাষা নিয়ে সমস্যায় পড়লে তাঁকে সাহায্য করেছিলেন বলেও তিনি উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, ‘প্রকৃত বৈচিত্র্য হলো চিন্তার বৈচিত্র্য।’




