শিকার ও মাছ ধরাসহ বহিরঙ্গন বিনোদনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৭০৪ বিলিয়ন ডলারের অবদান

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে শিকার, মাছ ধরা ও অন্যান্য বহিরঙ্গন বিনোদন কার্যক্রমের অবদান ২০২৫ সালে দাঁড়িয়েছে ৭০৪.২ বিলিয়ন ডলারে। মার্কিন ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের প্রকাশিত নতুন তথ্যে এ হিসাব উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, এই খাত দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২.৩ শতাংশ জোগান দিয়েছে।
তথ্যে বলা হয়েছে, এই ৭০৪.২ বিলিয়ন ডলারের মধ্যে হাইকিং ও ক্যাম্পিং থেকে শুরু করে আরভি ভ্রমণ ও খোলা জায়গায় আয়োজিত কনসার্ট পর্যন্ত নানা ধরনের বহিরঙ্গন কার্যক্রমের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এর বড় অংশই এসেছে মাছ ধরা ও শিকার ঘিরে ব্যয় থেকে।
ঐতিহ্যবাহী বহিরঙ্গন কার্যক্রমগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নৌকা চালানো ও মাছ ধরা। এই দুই কার্যক্রম মিলে ৩৯.১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক মূল্য যোগ করেছে। ৩৫টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে এটিই ছিল সবচেয়ে বড় শ্রেণি।
অঙ্গরাজ্যভিত্তিক হিসাবে নৌকা চালানো ও মাছ ধরায় সবচেয়ে এগিয়ে ফ্লোরিডা, যেখানে এই খাতের অবদান ৪.৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে ক্যালিফোর্নিয়া ৩.৩ বিলিয়ন ডলার ও টেক্সাস ৩ বিলিয়ন ডলার নিয়ে।
শিকার, শুটিং ও ফাঁদ পাতার কার্যক্রম জাতীয় পর্যায়ে তৃতীয় স্থানে রয়েছে, যার অর্থনৈতিক মূল্য ১৫.১ বিলিয়ন ডলার। এই শ্রেণিতে শীর্ষে টেক্সাস, ১.৮ বিলিয়ন ডলার নিয়ে। এরপর ক্যালিফোর্নিয়া ৮৪৯.৮ মিলিয়ন ডলার ও ফ্লোরিডা ৮৩১.৩ মিলিয়ন ডলার নিয়ে তালিকায় রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আরভি ভ্রমণের অবদান ২৬.৮ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয়ের প্রভাব শুধু মাছ ধরার সরঞ্জাম, শিকারের অস্ত্র বা নৌকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বহিরঙ্গন বিনোদনের জন্য আসা দর্শনার্থীদের ওপর নির্ভরশীল কর্মসংস্থান, স্থানীয় ব্যবসা ও গ্রামীণ জনপদগুলোও এই অর্থ থেকে উপকৃত হয়।
থিওডোর রুজভেল্ট কনজারভেশন পার্টনারশিপ নতুন এই তথ্যের প্রতিক্রিয়ায় বলেছে, সুস্থ বন্যপ্রাণীর সংখ্যা, সবার জন্য উন্মুক্ত সরকারি জমি ও সংরক্ষণ কার্যক্রম ছাড়া এই সুযোগগুলো টিকে থাকত না। সংগঠনটি ন্যাশনাল ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে সংরক্ষণ খাতে ব্যয় থেকে ১১৫.৮ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম তৈরি হয় এবং সারা দেশে ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়।
সামগ্রিকভাবে বহিরঙ্গন বিনোদন অর্থনীতি ২০২৫ সালেও বেড়েছে। মূল্যস্ফীতি সমন্বয়ের পর এই খাতের জিডিপি বেড়েছে ১.৯ শতাংশ এবং কর্মসংস্থান বেড়েছে ১.৭ শতাংশ।




