এনভিডিয়া প্রধানকে ফেরানো নিয়ে টিভি বিতর্কে উত্তেজনা, অতিথিকে বের করে দেওয়ার হুঁশিয়ারি সঞ্চালকের

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনা নিয়ে একটি টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে তীব্র বিতর্ক হয়েছে। এমএস নাউয়ের সঞ্চালক স্টেফানি রুহলে সোমবারের ‘মানি, পাওয়ার, পলিটিকস’ অনুষ্ঠানে একে অপরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় কয়েকজন অতিথিকে ভর্ৎসনা করেন এবং তাঁর নিয়ম না মানলে অনুষ্ঠান ছেড়ে যেতে বলেন।
বিতর্কের প্রেক্ষাপট হলো, সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগের পর হুয়াংয়ের ফেরা জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে না—মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এমন মত পাওয়ার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে এনেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এনভিডিয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি হুয়াংকে ‘মহান দেশপ্রেমিক ও জাতীয় সম্পদ’ বলেছেন এবং চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিকে তার অভ্যন্তরীণ রপ্তানি-নিয়ন্ত্রণ তদন্ত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
তবে রুহলের অনুষ্ঠানের অতিথিরা এ নিয়ে বিভক্ত ছিলেন। মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা ও অ্যাঞ্জেল বিনিয়োগকারী জেসন ক্যালাকানিস ফিরিয়ে আনা সিইওর পক্ষে যুক্তি দেন। তাঁর বক্তব্য ছিল, হুয়াংয়ের মতো ধনী ও সফল একজন মানুষ কখনো রাষ্ট্রদ্রোহের ঝুঁকি নেবেন না।
এর জবাবে ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের প্রভাষক ও ব্লুমবার্গ ওপিনিয়নের কলামিস্ট গৌতম মুকুন্দ বলেন, হুয়াং রপ্তানি-নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন—এমন বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি এমন কাজ করবেন না—এই ধারণাকে তিনি ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দেন।
ক্যালাকানিস তখন মাঝখানে কথা বলে এই যুক্তিকে ‘ইয়েল অভিজাতদের চিন্তাভঙ্গি’ বলে মন্তব্য করেন। রুহলে সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দেন। তিনি বলেন, কেউ ইয়েলে কাজ করেন বলেই তিনি অভিজাত—এমনভাবে কাউকে চিহ্নিত করা তাঁর অনুষ্ঠানে চলবে না।
রুহলে ক্যালাকানিসকে বলেন, ‘আমি যেমন আপনাকে ‘টেক ব্রো’ বলে চিহ্নিত করব না।’ তিনি আরও বলেন, ‘আমি বলব, জেসন এখানে থাকা একজন বিনিয়োগকারী, আপনি এখানে স্বাগত এবং আপনার মতামত জানাতে পারেন। কিন্তু আপনি আমার টেবিলে বসে বলতে পারবেন না, ‘আপনি ইয়েল অভিজাত বলেই এমন ভাবেন।’ এরপর তিনি হুঁশিয়ারি দেন, ‘আপনি যদি সেটাই করতে থাকেন, তাহলে দরজা ওই দিকেই আছে!’
এরপর এমএস নাউয়ের ব্যবসা বিশ্লেষক রন ইনসানা ক্যালাকানিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে আক্রমণ করেন। তিনি বলেন, তিনি ‘এই সিলিকন ভ্যালির বাজে কথায়’ ক্লান্ত। প্যানেলের অন্যরা হেসে উঠলে রুহলে আবার অতিথিদের ভর্ৎসনা করেন এবং একে অপরকে সম্মান দেখানোর আহ্বান জানান।
ইনসানাকে উদ্দেশ করে রুহলে বলেন, ‘আপনার জানা তথ্যের ভিত্তিতে মতামত দিন।’
ফক্স নিউজ ডিজিটাল এ বিষয়ে এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল, তবে তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।




