ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে স্টিকার বিলির অভিযোগে ইউটায় ভেনেজুয়েলার নাগরিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের প্রোভো শহরে ভেনেজুয়েলার নাগরিক হেক্টর আলেহান্দ্রো মুজিকা-হার্নান্দেজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় উৎসাহ দেওয়া ছবি বিলির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তদন্তের পর গত মাসে তাঁকে আটক করা হয়।
ডিএইচএস বলেছে, মুজিকা-হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে অনলাইনে হত্যার হুমকির বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) একটি তথ্য দেওয়ার পর তদন্ত শুরু হয় এবং সেই হুমকির সূত্র মুজিকা-হার্নান্দেজের কার্যকলাপ পর্যন্ত পৌঁছায়।
হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেছেন, ‘এই অবৈধ বিদেশি শুধু ভিসার মেয়াদ পেরিয়ে অবৈধভাবে থেকে আমাদের আইন ভাঙেননি, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জীবনও হুমকির মুখে ফেলেছেন।’ তিনি আরও বলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোনো ধরনের মৃত্যুর হুমকি সহ্য করবে না।’
ডিএইচএসের ভাষ্য অনুযায়ী, তদন্তের কেন্দ্রে ছিল ‘পিপল অব প্রোভো অ্যাগেইনস্ট আইস’ (পিওপিএআই) নামের একটি গোষ্ঠীর সভায় বিলি করা স্টিকার। ওই স্টিকারে ট্রাম্পকে হত্যার পক্ষে বক্তব্য ছিল, যার মধ্যে একটি বাক্য ছিল, ‘ট্রাম্পকে গুলি করো, নায়ক হও, অবিস্মরণীয় হয়ে ওঠো।’
বিভাগটি আরও জানিয়েছে, স্টিকারগুলোতে ‘এ’ অক্ষরটি উল্টানো অ্যানার্কিস্ট প্রতীকের মতো করে সাজানো ছিল, যা সাধারণত অ্যান্টিফা ও অ্যানার্কিস্ট গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত বলে ডিএইচএস উল্লেখ করেছে।
মুলিন বলেছেন, গণমাধ্যম ও ‘চরম বামপন্থীদের’ আইস কর্মকর্তা ও প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা বন্ধ করতে হবে। ডিএইচএসের বক্তব্যে বলা হয়েছে, ট্রাম্প কয়েকটি হত্যাচেষ্টার লক্ষ্য হয়েছেন এবং প্রশাসনের অভিবাসন প্রয়োগ কর্মসূচির মধ্যে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তাদের ওপর হামলাও বেড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মুজিকা-হার্নান্দেজ ২০১৬ সালের জুলাই মাসে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থেকে যাওয়ায় তাঁর অবস্থান অবৈধ হয়ে পড়ে।




