বছরের পর বছর সংঘাতের পর নাইজেরিয়ার বোর্নোতে স্কুলে ভর্তি প্রায় দ্বিগুণ, তবু স্কুলের বাইরে প্রায় ৮ লাখ শিশু
বোকো হারামের সহিংসতার বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের বাগা শহরে শিক্ষক মরিয়ম উমারের স্কুল বন্ধ করে দিতে হয়েছিল, কারণ সহিংসতা পরিবারগুলোকে বাস্তুচ্যুত করে এবং সারা অঞ্চলে শিক্ষা ব্যাহত করে।
কুকাওয়া স্থানীয় সরকার এলাকায় হায়ার ইসলামিক কলেজ বন্ধ হয়ে যাওয়া ছিল একটি বৃহত্তর সংকটের অংশ, যা হাজার হাজার শিশুকে নিয়মিত স্কুলশিক্ষা থেকে বঞ্চিত করেছিল।
শিক্ষা কার্যক্রম আবার শুরু হওয়ায় উমার স্কুলগুলো পুনরায় খোলা এবং শিক্ষা উপকরণ সরবরাহের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তিনি আল জাজিরাকে বলেছেন, এসব হস্তক্ষেপ বছরের পর বছর সংঘাতে বিধ্বস্ত সম্প্রদায়গুলোতে শিক্ষা ফিরিয়ে আনতে সাহায্য করছে।
সারা বোর্নোজুড়ে কর্তৃপক্ষ বলেছে, ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ মেরামত করা এবং পরিবারগুলোকে সন্তানদের স্কুলে ফেরত পাঠাতে উৎসাহিত করার ফলে স্কুলে ভর্তি তীব্রভাবে বেড়েছে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি ২০২৫ সালে ১৪ লাখ ১৮ হাজার ২৭৯ জনে পৌঁছেছে, যা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৫১ জন।
তবু কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, প্রায় ৮ লাখ শিশু এখনো স্কুলের বাইরে রয়েছে। এটি এমন একটি রাজ্যের চ্যালেঞ্জ তুলে ধরে, যেখানে এক দশকেরও বেশি সংঘাত সম্প্রদায়গুলোকে বাস্তুচ্যুত করেছে এবং সরকারি সেবা বিধ্বস্ত করেছে।
এই পরিসংখ্যান প্রবেশাধিকার সম্প্রসারণে অগ্রগতির ইঙ্গিত দেয়, কিন্তু নিয়মিত উপস্থিতি, শিক্ষার মান বা বছরের পর বছর শিক্ষা থেকে বঞ্চিত শিশুরা পিছিয়ে পড়া পড়া পুষিয়ে নিচ্ছে কি না, সে সম্পর্কে খুব কমই জানায়।
২০০৯ সালে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ায় অভিযান শুরু করার পর থেকে বোর্নো সেই সহিংসতার কেন্দ্রে রয়েছে। হামলা, বাস্তুচ্যুতি এবং দীর্ঘদিনের নিরাপত্তাহীনতায় পরিবারগুলো ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়ায় স্কুলসহ প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সম্প্রদায়ে শ্রেণিকক্ষ বন্ধ হয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা পালিয়ে যাওয়ায় শিক্ষা অসম্ভব হয়ে পড়েছিল।
রাজ্য সরকার স্কুল পুনর্গঠনকে অগ্রাধিকার দিয়েছে, নতুন স্থাপনা নির্মাণ এবং সংঘাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ সংস্কার করেছে। মার্চে মাইদুগুরিতে শিক্ষা প্রকল্প উদ্বোধনের সময় গভর্নর বাবাগানা উমারা জুলুম বলেছিলেন, ‘জবাবে আমাদের প্রশাসন ১০৪টি নতুন স্কুল নির্মাণ করেছে এবং ২ হাজার ৯৩১টি শ্রেণিকক্ষ ও সংশ্লিষ্ট স্থাপনা সংস্কার করেছে।’
গভর্নরের মতে, স্কুলের বাইরে থাকা শিশুর আনুমানিক সংখ্যা সংকটের চরম সময়ে প্রায় ২২ লাখ থেকে কমে ৮ লাখের নিচে নেমেছে।
বোর্নোর শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিশনার লাওয়ান আব্বা ওয়াকিলবে বলেছেন, ভর্তি বৃদ্ধি অভিভাবকদের মধ্যে নতুন আস্থার প্রতিফলন। তবে ভর্তি বাড়লেই শিশুরা নিয়মিত উপস্থিত হচ্ছে বা বছরের পর বছর ব্যাহত শিক্ষার পর তাদের প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে, এমন নিশ্চয়তা মেলে না। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে যোগ্য শিক্ষক ও শিক্ষা উপকরণের সরবরাহ তাল মিলিয়েছে কি না, সে সম্পর্কেও উপলব্ধ পরিসংখ্যানে খুব কম ইঙ্গিত পাওয়া যায়।
মাইদুগুরির জুনিয়র সেকেন্ডারি স্কুল ওয়ানের ১২ বছর বয়সী শিক্ষার্থী ফাতিমা মাহমুদ উমারের কাছে শিক্ষা এমন উচ্চাকাঙ্ক্ষা পূরণের সুযোগ, যা বোর্নোর শিশুদের জন্য বছরের পর বছর সহিংসতা হুমকির মুখে ফেলেছে। নীল-সাদা চেক হিজাব ও স্কুল ইউনিফর্ম পরে ফাতিমা আল জাজিরাকে ভবিষ্যৎ নিয়ে তার আশার কথা বলেছে। সে তার শিক্ষায় সহায়তার জন্য বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বলেছে, সে তার সম্প্রদায়ের একজন ভালো দূত হতে চায়। ইসলামি ও পশ্চিমা — উভয় ধরনের শিক্ষায় সহায়তাসহ স্কুলে সরকারি বিনিয়োগকেও সে স্বাগত জানিয়েছে।
কিন্তু বোর্নোর অনেক শিশু এখনো নিয়মিত স্কুলশিক্ষার সুযোগ ফিরে পায়নি। সহিংসতা, বাস্তুচ্যুতি ও দারিদ্র্য বাধা তৈরি করে চলেছে, বিশেষ করে বছরের পর বছর অস্থিরতার পর জীবন পুনর্গঠনের চেষ্টা করা পরিবারগুলোর জন্য। স্কুল পুনরায় খুললেও, মাস বা বছর ধরে পাঠ থেকে বঞ্চিত শিশুরা সহপাঠীদের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে পারে, আর শিক্ষকদের ব্যাপকভাবে ভিন্ন ভিন্ন প্রস্তুতির শিক্ষার্থীদের সামলাতে হয়।
গ্রামীণ সম্প্রদায়গুলোতে এই চ্যালেঞ্জ বিশেষভাবে তীব্র, যেখানে দূরত্ব, সহিংসতা ও সীমিত সম্পদ নিয়মিত স্কুলে যাওয়া কঠিন করে তুলতে পারে। গুবিও স্থানীয় সরকার এলাকায় বাসিন্দারা সরকারের পুনর্গঠন প্রচেষ্টা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকে যাওয়া শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
৪৯ বছর বয়সী বুকার আবদুল্লাহি গুবিওতে একটি টাউন হল সভায় আরও শিশুকে স্কুলে ভর্তি করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিক্ষায় বিনিয়োগের জন্য রাজ্য সরকারের প্রশংসা করার পাশাপাশি তিনি গ্রামীণ সম্প্রদায়গুলোর মুখোমুখি অসুবিধাগুলোর দিকে মনোযোগ আকর্ষণ করেন। কর্মক্ষম স্কুল থেকে দূরে বসবাসকারী পরিবারগুলোর জন্য দূরত্ব বাধা হয়ে থাকতে পারে; আর্থিক চাপ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও শিশুরা স্কুলে যাবে কি না, সেই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
সরকারি পরিসংখ্যানে প্রবেশাধিকারের উন্নতির ইঙ্গিত মিললেও, শহরকেন্দ্র ও গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে অগ্রগতি কতটা সমানভাবে বণ্টিত হয়েছে, তা সেগুলো দেখায় না। এসব বৈষম্য দূর করতে শুধু শ্রেণিকক্ষের চেয়ে বেশি কিছু লাগবে; স্কুলগুলোর যোগ্য শিক্ষক, শিক্ষা উপকরণ এবং পরিবারগুলোকে সন্তানদের ভর্তি ধরে রাখতে সাহায্য করার ব্যবস্থাও প্রয়োজন।
প্রচলিত স্কুলের পাশাপাশি বোর্নো কর্তৃপক্ষ আরবি ও ইসলামি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার সুযোগ প্রসারিত করতে চাইছে। বোর্নো স্টেট অ্যারাবিক অ্যান্ড সাঙ্গায়া এডুকেশন বোর্ডের মাধ্যমে সরকার ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষার দিকগুলোকে স্বীকৃত যোগ্যতা ও পরবর্তী পড়াশোনার পথ দেওয়া একটি ব্যবস্থায় একীভূত করার কাজ করছে। হায়ার ইসলামিক কলেজ প্রতিষ্ঠা সেই প্রচেষ্টার অংশ। জুলুম বলেছেন, ‘এই হস্তক্ষেপ একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন, যা আধ্যাত্মিক বিকাশকে একাডেমিক ও বৃত্তিমূলক অগ্রগতির সঙ্গে একীভূত করে।’
গভর্নরের মতে, প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল বোর্ড ফর অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুমোদিত একটি পাঠ্যক্রম অনুসরণ করে, যা শিক্ষার্থীদের স্বীকৃত যোগ্যতা অর্জনের সুযোগ দেয়। এই উদ্যোগের লক্ষ্য হলো যেসব পরিবার ইসলামি শিক্ষা পছন্দ করে, তাদের শিশুদের জন্য সুযোগ প্রসারিত করা; তবে এর প্রভাব নির্ভর করবে প্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোতে পৌঁছাতে এবং পর্যাপ্ত শিক্ষা ও সম্পদ সরবরাহ করতে পারছে কি না, তার ওপর।
সরকারি সাম্প্রতিক পরিসংখ্যান বোর্নোর শিক্ষা ব্যবস্থার আরও সম্প্রসারণের ইঙ্গিত দেয়, যদিও গণনা করা শ্রেণিগুলোর পার্থক্যের কারণে সরাসরি তুলনা কঠিন। সেপ্টেম্বরে প্রকাশিত রাজ্যের বার্ষিক স্কুল জরিপে বৃহত্তর শিক্ষা খাতে ১৮ লাখ ১ হাজার ২৯৫ জন শিক্ষার্থী রেকর্ড করা হয়েছে। আলাদাভাবে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভর্তি ছিল প্রায় ১৩ লাখ। এসব পরিসংখ্যান ২০২৫ সালে সরকারি ও বেসরকারি স্কুলে রেকর্ড করা ১৪ লাখ ১৮ হাজার ২৭৯ জন শিক্ষার্থীর থেকে ভিন্ন শ্রেণি কভার করে এবং প্রবৃদ্ধির সঠিক হার নির্ধারণে সরাসরি তুলনা করা যায় না।
সরকারের হিসাব অনুযায়ী প্রায় ৮ লাখ শিশু এখনো স্কুলের বাইরে — এই তথ্যেরও প্রেক্ষাপট প্রয়োজন। বয়সভিত্তিক গোষ্ঠী ও ব্যবহৃত পদ্ধতি সম্পর্কে ধারাবাহিক তথ্য ছাড়া ২২ লাখ থেকে এই হ্রাস প্রদত্ত পরিসংখ্যান থেকে স্বাধীনভাবে যাচাই করা যায় না। ভর্তির বাইরে উপস্থিতি, শিক্ষকের প্রাপ্যতা ও শেখার ফলাফল নিয়ে প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে যেসব শিশুর শিক্ষা সংঘাতে ব্যাহত হয়েছে, তাদের ক্ষেত্রে।
বাগায় উমারের মতো শিক্ষকদের কাছে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হওয়া সেই বছরগুলো থেকে একটি পরিবর্তন, যখন সহিংসতা স্কুল বন্ধ করতে বাধ্য করেছিল। মাইদুগুরিতে ফাতিমার মতো শিশুদের কাছে শিক্ষার সুযোগ এমন সম্ভাবনা দেয়, যা বছরের পর বছর সহিংসতা কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু শ্রেণিকক্ষের বাইরে থাকা লাখ লাখ শিশুর জন্য বোর্নোর শিক্ষা পুনরুদ্ধার এখনো অসম্পূর্ণ।
ওয়াকিলবে অবশ্য বলেছেন, ভর্তি বৃদ্ধি একটি লক্ষণ যে পরিবারগুলো শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পেতে শুরু করেছে। তিনি বলেন, ‘আমরা কোথা থেকে শুরু করেছিলাম — ২০১৭-২০১৮ সালে ৭ লাখ ৬৬ হাজার ৫৫১ জন শিক্ষার্থী — এবং আজ আমরা কোথায় আছি, তা দেখলে এটি শুধু একটি সংখ্যা নয়। এটি প্রমাণ যে অভিভাবক ও সম্প্রদায়গুলো আবার আমাদের স্কুলগুলোর ওপর তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আস্থা রাখছে।’


