হাইতিতে নিহত তিন সালভাদর সেনার নাম প্রকাশ বুকেলের, পরিবারকে ২ লাখ ডলার করে দেওয়ার ঘোষণা
এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে হাইতিতে গ্যাংবিরোধী মিশনে নিহত তাঁর দেশের তিন সেনার পরিচয় প্রকাশ করেছেন। রোববার গভীর রাতে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি তাঁদের নাম জানান।
নিহত তিনজন হলেন লেফটেন্যান্ট ক্রিস্টিয়ান ড্যানিয়েল পালাসিওস সান্তোস এবং করপোরাল এমারসন আলেকজান্ডার জেপেদা জেলাদা ও উইলবার ম্যানুয়েল সেরানো মেদিনা।
বুকেলে জানান, দুই করপোরাল একটি ড্রোন থেকে গ্রেনেড সরাতে গিয়ে মারা যান; ড্রোনটির ব্যাটারি ফুরিয়ে আসছিল। গ্রেনেডটি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।
তিনি বলেন, ‘ড্রোনটিকে সম্পূর্ণ নিরাপদ কোনো জায়গায় নিয়ে গিয়ে ফেলা সম্ভব ছিল না।’ বুকেলের বর্ণনায়, সেরানো মেদিনা ড্রোনটিকে মাটির ওপরে ধরে রাখেন, আর জেপেদা জেলাদা হাতে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।
বুকেলে লিখেছেন, ‘তাঁরা পুরোপুরি জানতেন তাঁরা কত বড় ঝুঁকি নিচ্ছেন, তবু অন্যদের রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন। এবং তাঁরা সফল হয়েছেন।’
পালাসিওস সান্তোসও একই ঘটনায় নিহত হন, তবে তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে বুকেলে বিস্তারিত কিছু জানাননি। প্রেসিডেন্ট বলেন, পালাসিওস সান্তোস সম্প্রতি একটি অভিযানের ‘সংকটময় মুহূর্তে’ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রশংসিত হয়েছিলেন, যখন কয়েকজন ঠিকাদার অভিযোগ অনুযায়ী পিছু হটেছিলেন।
বুকেলে লিখেছেন, ‘তিনি দ্রুততা ও দৃঢ়তা নিয়ে এগিয়ে গিয়ে নিজের সহকর্মীদেরসহ বেশ কয়েকজনের প্রাণ বাঁচিয়েছিলেন। আমরা সবাই তাঁর সাহসিকতার প্রশংসা করি।’
বুকেলে তাঁর পোস্টে প্রতিশ্রুতি দিয়েছেন, হাইতি ছাড়তে চাইলে সালভাদর সেনারা তাৎক্ষণিকভাবে তা করতে পারবেন, কোনো প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে না।
গত সপ্তাহে নিহত এই সেনারা ছিলেন গত মাসে হাইতিতে মোতায়েন করা ২ হাজার ৫০০ সেনার অংশ। অক্টোবরে গ্যাংদের দখল করা এলাকায় ১৮ অক্টোবরের হামলার পর চারজন সালভাদর প্রযুক্তিবিদ নিখোঁজ হওয়ার পর এই মোতায়েন হয়; তাঁদের এখনো খুঁজে পাওয়া যায়নি।
বুকেলে বলেছেন, শুক্রবার নিহত তিন সেনার পরিবারকে তাঁর সরকার মাসিক আয়ের পাশাপাশি ২ লাখ ডলার করে দেবে।
হাইতি ছাড়তে চাওয়া সেনাদের বিষয়ে তিনি আরও বলেন, তাঁরা ‘প্রতিশোধের ভয় ছাড়াই এবং মিশন ক্ষতিগ্রস্ত হওয়ার দুশ্চিন্তা ছাড়াই’ ফিরতে পারবেন, কারণ অনেক সহকর্মী তাঁদের জায়গা নিতে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন।
এদিকে সালভাদর সেনারা হাইতিতে অনেকটাই এককভাবে কাজ করছেন বলে বিশেষজ্ঞ ও জাতিসংঘের পর্যবেক্ষণে উঠে এসেছে, এবং এই মোতায়েন নিয়ে তাঁদের ওপর নজরদারি বেড়েছে। সম্প্রতি হাজার হাজার হাইতিয়ান বুকেলের সমর্থনে বিক্ষোভও করেছেন।
হাইতি ও এল সালভাদরের মধ্যকার চুক্তিটি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সোমবার প্রকাশিত নেদারল্যান্ডসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এনএএল হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে যা-ই থাকুক, সালভাদর ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এল সালভাদরের সশস্ত্র বাহিনীকে মানবাধিকার ও মানবিক আইন মেনে চলতে হবে।
গত পাঁচ বছরে হাইতিজুড়ে গ্যাং-সংশ্লিষ্ট সহিংসতায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
সালভাদর সেনাদের মৃত্যু এমন এক সময়ে এল, যখন স্থানীয় ও আন্তর্জাতিক বাহিনী মার্তিসাঁয় শক্তিশালী গ্যাংগুলোর বিরুদ্ধে লড়ছে। মার্তিসাঁ এলাকাটি হাইতির রাজধানীকে দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ করিডরে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহ থেকে মার্তিসাঁয়ে লড়াই চলছে এবং এতে কয়েক ডজন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। গ্যাংগুলো পাঁচ বছরের বেশি সময় ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করার পর এটিই সেখানে প্রথম বড় অভিযান।
লড়াই তীব্র হওয়ার মধ্যেই জাতিসংঘ-সমর্থিত গ্যাং দমন বাহিনী জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে তারা রোববার পোর্ত-অ-প্রাঁসের তাবারে ও সিতে সোলেই এবং উত্তরের শহর গ্রো মর্নে কয়েকজন সন্দেহভাজন গ্যাং সদস্যকে হত্যা করেছে।
এর মধ্যেই সোমবার দুজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা ‘হাইতির অনিরাপত্তায় ইন্ধন জোগানো রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাতদের নাম প্রকাশ ও নিষেধাজ্ঞা দিতে’ ব্যর্থ হয়েছে।
এই উদ্বেগ তুলে ধরা হয়েছে সিনেট পররাষ্ট্র সম্পর্ক কমিটির র্যাঙ্কিং সদস্য নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন শাহিন এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির র্যাঙ্কিং সদস্য নিউইয়র্কের প্রতিনিধি গ্রেগরি মিকসের লেখা এক চিঠিতে। চিঠিটি পাঠানো হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে।
চিঠিতে তাঁরা লিখেছেন, ‘হাইতির জনগণ এক দশকের বেশি সময় পর প্রথমবার ভোটের প্রস্তুতি নিচ্ছে; এমন সময়ে কংগ্রেস, মার্কিন জনগণ ও হাইতির জনগণ গ্যাং এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থক নেটওয়ার্কের মধ্যে যোগসাজশের ধরন ও মাত্রা সম্পর্কে স্বচ্ছতা পাওয়ার অধিকার রাখে।’
হাইতিতে ২০২৭ সালের জুলাইয়ে নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রার্থীদের মধ্যে এমন কয়েকজনও রয়েছেন, যাঁদের ওপর আগে যুক্তরাষ্ট্র ও কানাডা নিষেধাজ্ঞা দিয়েছিল।



