চীনের ক্রেতাদের কাছে সামরিক গোপন তথ্য বিক্রি: দোষ স্বীকার করলেন মার্কিন সার্জেন্ট জিয়ান ঝাও

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন সক্রিয় সার্জেন্ট চীনের সঙ্গে যুক্ত ক্রেতাদের কাছে সংবেদনশীল সামরিক তথ্য বিক্রির ষড়যন্ত্রে দোষ স্বীকার করেছেন। সোমবার জিয়ান ঝাও (৩৭) নামের এই সার্জেন্ট জাতীয় প্রতিরক্ষা তথ্য সংগ্রহ, প্রেরণ ও হস্তান্তরের ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন বলে জানিয়েছেন ফেডারেল প্রসিকিউটররা।
প্রসিকিউটররা বলেছেন, ঝাও নিজের ব্যক্তিগত মুঠোফোনে সীমাবদ্ধ সেনা নথির ছবি তুলেছেন, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স)-এর কারিগরি ম্যানুয়ালের অংশবিশেষ হস্তান্তর করেছেন এবং সামরিক কম্পিউটার ও সরকারি হার্ড ড্রাইভ বিক্রির জন্য তুলেছেন।
মার্কিন অ্যাটর্নি স্কট ই. ব্র্যাডফোর্ড এক্সে লিখেছেন, ‘জাতীয় নিরাপত্তা রক্ষা নির্ভর করে তাদের জবাবদিহির ওপর, যারা নিজেদের শপথ ভঙ্গ করে এবং সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বিপন্ন করে। জিয়ান ঝাও সেই আস্থা ভেঙেছেন—নিজের প্রবেশাধিকার কাজে লাগিয়ে ব্যক্তিগত লাভের জন্য চীনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে সামরিক তথ্য ও সরঞ্জাম দিয়েছেন, জেনেশুনেই।’
ঝাও ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ওয়াশিংটনের জয়েন্ট বেস লুইস-ম্যাকর্ডে ব্যাটারি সাপ্লাই সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দায়িত্ব ও নিরাপত্তা ছাড়পত্রের কারণে সংবেদনশীল সেনা তথ্য ও সরঞ্জামে তাঁর প্রবেশাধিকার ছিল।
প্রসিকিউটরদের ভাষ্য, ঝাও যে নথিগুলোর ছবি তুলেছেন, সেগুলোর মধ্যে ছিল সেনা অভিযান, যোগাযোগ নেটওয়ার্ক, সামরিক মহড়া এবং রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কিত তথ্য। অনুমতি ছাড়া তিনি সামরিক স্টোরেজ ডিভাইসও নিয়েছেন এবং সংবেদনশীল, গোপন বা অতিগোপন বলে বর্ণনা করা উপকরণের বিনিময়ে হাজার হাজার ডলার সংগ্রহ করেছেন।
সেনা কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেছেন, ‘এই দোষ স্বীকার প্রতিটি সৈনিকের নেওয়া শপথের ইচ্ছাকৃত বিশ্বাসঘাতকতার প্রতিফলন।’ তিনি বলেন, এই কর্মকাণ্ড সৈনিকদের ঝুঁকিতে ফেলেছে, এবং সৈনিকদের সন্দেহজনক কার্যকলাপ বা যোগাযোগের চেষ্টা সম্পর্কে জানানোর আহ্বান জানান তিনি।
প্রসিকিউটররা এই ষড়যন্ত্রের সূত্রপাত ২০২১ সালের শেষ দিকে বলে চিহ্নিত করেছেন। ওরেগনের হিলসবরোতে বসবাসকারী সাবেক সৈনিক রুয়োয়ু দুয়ান প্রতিরক্ষা তথ্য দেওয়ার জন্য ঝাওসহ আরও সক্রিয় সৈনিকদের নিয়োগ করেন এবং চীনের ক্রেতাদের কাছ থেকে অর্থ প্রদানের ব্যবস্থা করতে সহায়তা করেন। দুয়ান এর আগে জাতীয় প্রতিরক্ষা তথ্য প্রেরণের ষড়যন্ত্রে দোষ স্বীকার করেছেন।
ফেডারেল এজেন্টরা ২০২৫ সালের ৬ মার্চ ওয়াশিংটনের লেসিতে ঝাওয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। সেখান থেকে প্রায় ৩০ হাজার ডলার নগদ অর্থ, ইলেকট্রনিক ডিভাইস ও একাধিক সেনা হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়।
দোষ স্বীকারের চুক্তির আওতায় ঝাও এই কর্মকাণ্ড থেকে পাওয়া ১৭ হাজার ৫০০ ডলার বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন এবং জব্দ করা নগদ অর্থের ওপর তাঁর দাবি ছেড়ে দিয়েছেন।
এফবিআইয়ের পোর্টল্যান্ড কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট ডগ ওলসন বলেছেন, ‘দোষ স্বীকার করে জিয়ান ঝাও মেনে নিয়েছেন যে তিনি সেই আস্থার বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাঁর পদের সঙ্গে আসা দায়িত্বের অপব্যবহার করেছেন। যারা ব্যক্তিগত লাভের জন্য সংবেদনশীল সামরিক তথ্যের সঙ্গে আপস করতে চায়, তারা আমাদের দেশের স্বার্থকে ঝুঁকিতে ফেলে।’
ঝাওয়ের সর্বোচ্চ ১০ বছরের ফেডারেল কারাদণ্ড, ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা এবং সর্বোচ্চ তিন বছরের তত্ত্বাবধানে মুক্তি হতে পারে। তাঁর সাজা ঘোষণার তারিখ ধার্য হয়েছে ২০২৭ সালের ১ মার্চ।




