…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কেশবপুরে সাংবাদিক মামুনকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির সদস্যরা, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক
কেশবপুরে সাংবাদিক মামুনকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির সদস্যরা, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন (২৫) ওরফে স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কেশবপুর শহরে এনসিপির সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠায় পুলিশ। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আবদুল্লাহ আল মামুন যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক ও মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। তিনি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। কাজের সূত্রে তিনি যশোর শহরে বসবাস করতেন।

পরিবারের অভিযোগ, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। পরে বিকেলে তাঁকে কেশবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ভাষ্য, মামুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। এ অভিযোগে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে পুলিশের কাছে দেন। মারধরের বিষয়ে জানতে চাইলে সম্রাট বলেন, তাঁকে দু-একটি চড়-থাপ্পড় দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, তাঁর ছেলে কোনো অন্যায় করেনি। তবু তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে যশোর আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবদুল্লাহ আল মামুন যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সোমবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সদস্যরা বলেন, কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে মামুনের মুক্তি দাবি করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…