পোল্যান্ডে বসে বাংলা ক্যালেন্ডারের ওয়েবসাইট গড়েছেন ফজলুল হক নয়ন, কোডিং শিখেছেন নিজে নিজে

ফজলুল হক নয়ন তৈরি করেছেন ‘বাংলা ক্যালেন্ডার বিডি’ নামে একটি ওয়েবসাইট। বাংলা ক্যালেন্ডার ও বাংলা কৃষি সংস্কৃতি যখন ক্রমেই হারিয়ে যেতে বসেছে, তখন তিনি এই ওয়েবসাইটটি গড়েছেন। তিনি এখন বসবাস করছেন পোল্যান্ডে।
আগে শব্দ (সাউন্ড) নিয়ে কাজ করা নয়ন জানান, ওয়েবসাইটটি তৈরির কারণ একান্ত ব্যক্তিগত। তাঁর ভাষায়, তিনি ভীষণ রকম ‘হোমসিক’ একজন মানুষ, যা বিদেশে আসার আগে বুঝতে পারেননি। বিদেশে এসে তিনি হয় কাজে ব্যস্ত থাকেন, নয়তো দেশকে মিস করেন; দেশের সঙ্গে নিজের এই দূরত্ব ঘোচাতেই বাংলা ক্যালেন্ডার বিডি তৈরি করা। এখন প্রতিদিন অন্তত কিছুক্ষণ বাংলার সঙ্গে থাকা হয়। তবে অডিও-ভিজ্যুয়াল জগৎ থেকে একেবারে সরে যাননি বলেও জানান তিনি; এখনো কিছু কাজ করা হয়।
বাংলা তারিখের গুরুত্ব প্রসঙ্গে নয়ন বলেন, বাংলা ক্যালেন্ডারকে শুধু দিন-তারিখ গণনার মাধ্যম মনে করলে এর প্রভাব সামান্য মনে হতে পারে; কিন্তু বাংলা তারিখকে সাংস্কৃতিক পরিচয়ের উপাদান মনে করলে এর যথেষ্ট প্রভাব পড়ে। বহু দেশ ঘুরে, নানা ভাষা জেনে, সংস্কৃতির অলিগলি ঘুরে কোথাও না কোথাও ফেরার একটা জায়গা, একটা ঠিকানা লাগে — যেটি তাঁর কাছে তাঁর ভাষা ও সংস্কৃতি।
বাস্তব দিক থেকেও এই ক্যালেন্ডারের প্রভাব বিস্তৃত বলে মনে করেন তিনি। যে ক্যালেন্ডারের শুরু হয়েছিল ফসল কাটা ও খাজনা আদায়ের সুবিধার জন্য — এমনকি একে ‘ফসলি সন’-ও বলা হতো — তার সামাজিক প্রভাব খুবই প্রাসঙ্গিক। তাঁর মতে, কৃষি কমছে না, কারণ কৃষির বিকল্প নেই; কৃষির আধুনিকায়ন হচ্ছে এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে কৃষির ওপর চাপও বাড়ছে। তবে যে কৃষকের জন্য এই বাংলা ক্যালেন্ডারের উদ্ভব হয়েছিল, সেই পঞ্জিকার সঙ্গে কৃষকের দৃশ্যমান সম্পর্ক কমছে।
নয়ন স্মৃতিচারণ করে বলেন, তাঁর মা প্রতিবছর কার্তিক মাসের এক সপ্তাহ হলে খুলনা থেকে গ্রামের বাড়ি যেতেন সারা বছরের ধান আনতে; তাঁর সারা বছরই বাংলা তারিখের হিসাব থাকত। এই চর্চা কমে যাচ্ছে, আশঙ্কাজনকভাবে কমেছে বলে তিনি মনে করেন।
বাংলা ক্যালেন্ডার বিডি ওয়েবসাইটে বাংলা মাস, কৃষি ক্যালেন্ডার, আবহাওয়া ইত্যাদি দেওয়া আছে; সঙ্গে রেডিও আছে এবং টেক্সটভিত্তিক কনটেন্টও আছে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নয়ন বলেন, ‘পাহাড় ডিঙানোর মতো কোনো স্বপ্ন দেখছি না। তবে লোকসাহিত্য ও লোকসংস্কৃতি নিয়ে কিছু কাজ আসবে সামনে। সেটা অডিও ও টেক্সট — দুই ফরম্যাটেই।’
নয়নের কোনো প্রাতিষ্ঠানিক কোডিং শিক্ষা নেই। প্রথমে বেশ কিছুদিন কয়েকজন ওয়েব ডেভেলপারের পেছনে ঘুরে পরে নিজেই সাহস করে শিখতে শুরু করেন। বিভিন্ন প্রযুক্তি, এআই টুলস এবং অনলাইন রিসোর্সের সাহায্যে ধাপে ধাপে তিনি ওয়েবসাইটটি তৈরি করেছেন; ডিজাইন, কনটেন্ট, ফিচার যুক্ত করা থেকে শুরু করে হোস্টিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন — সবকিছুই নিজের উদ্যোগে শেখার চেষ্টা করেছেন এবং এখনো প্রতিনিয়ত শিখছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়; তবে আগ্রহ তার থেকে বড় ছিল বলেই কাজটা করা গেছে। তাঁর ভাষায়, হয়তো ছোট কোনো একটা ‘বাগ’ ঠিক করতেই কয়েক দিন চলে গেছে, কিন্তু তিনি থেমে থাকেননি।




