পেনসিলভানিয়ায় হামে নবম মৃত্যু, ৪৬ কাউন্টিতে ছড়িয়েছে প্রাদুর্ভাব
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে চলমান হামের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসজনিত রোগে অঙ্গরাজ্যটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।
অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ সোমবার নিশ্চিত করেছে, মধ্য পেনসিলভানিয়ার সেন্টার কাউন্টির এক বাসিন্দা মারা গেছেন, যিনি টিকা নেননি এবং তাঁর হামের পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।
পেনসিলভানিয়াই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য। ২০২৬ সালে এখন পর্যন্ত সেখানে ৪৬টি কাউন্টিতে ১ হাজার ৬৩৮টি নিশ্চিত হামের ঘটনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩৩০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
নয়টি মৃত্যু ঘটেছে পাঁচটি কাউন্টিতে। ল্যাঙ্কাস্টার কাউন্টিতে তিনটি মৃত্যু ঘটেছে, আর জেফারসন কাউন্টিতে ঘটেছে দুটি মৃত্যু।
শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তিন দশকের বেশি সময়ের মধ্যে প্রথম হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মাত্র কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটি নির্মূল হয়েছে বলে অর্জিত মর্যাদা হারিয়েছে। উইসকনসিন অঙ্গরাজ্যে দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে, আর নিউইয়র্ক অঙ্গরাজ্যে এই রোগে একটি শিশুর মৃত্যু নথিভুক্ত হয়েছে।
তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ২০২৬ সালে এখন পর্যন্ত হামের সঙ্গে যুক্ত মাত্র ছয়টি মৃত্যুর খবর দিয়েছে এবং কোন কোন অঙ্গরাজ্যে এসব মৃত্যু ঘটেছে, তা নির্দিষ্ট করে জানায়নি।
অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় হিসাবের এই ব্যবধান এ বছরের শুরুর দিকে সামনে আসে। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে স্বাস্থ্য সংস্থাটি অঙ্গরাজ্যগুলোর দেওয়া সংখ্যার বদলে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার শুরু করার পর থেকেই এই পার্থক্য দেখা দিয়েছে।
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ বলেছে, পেনসিলভানিয়ায় আরও একটি মৃত্যুর খবরে তারা ‘দুঃখিত’। বিভাগটি আরও জানিয়েছে, সিডিসি ২০২৭ সালে প্রাদুর্ভাব মোকাবিলার কাজের জন্য অঙ্গরাজ্যটিকে প্রায় ৪০ লাখ ডলার এককালীন জরুরি তহবিল দিয়েছে।
সিডিসির তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত এ বছর যুক্তরাষ্ট্রজুড়ে মোট ৫ হাজার ৮৩৮টি হামের ঘটনা নিশ্চিত হয়েছে। সিডিসির হিসাবে ১৯৯১ সালের পর এটিই সর্বোচ্চ সংখ্যা।
আক্রান্তদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু ১৮ শতাংশ, আর পাঁচ থেকে ১৯ বছর বয়সীরা ৪১ শতাংশ। ২০২৬ সালের মোট নিশ্চিত ঘটনার সংখ্যা ইতিমধ্যেই ২০২৫ সালের পুরো বছরের ২ হাজার ২৮৯টি ঘটনার দ্বিগুণের বেশি হয়ে গেছে।



