এআই ‘চুরি’ বৈধ না করতে অস্ট্রেলিয়া সরকারের প্রতি কেট বুশ, গ্রেস জোন্সসহ ৭ হাজার শিল্পীর আহ্বান

গায়িকা কেট বুশ ও গ্রেস জোন্স এবং সাহিত্যিক স্যার ইয়ান র্যাঙ্কিনসহ বিশ্বের ৭ হাজার শিল্পী ও সৃজনশীল ব্যক্তি অস্ট্রেলিয়া সরকারের প্রতি কপিরাইট আইন দুর্বল না করার আবেদন জানিয়েছেন। তাঁরা লেবার সরকারকে বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বের স্রষ্টাদের কাজের চুরি যেন বৈধ করা না হয়।
এই আন্তর্জাতিক আবেদন এমন এক দিনে এল, যেদিন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি কমিটি দীর্ঘ প্রতীক্ষিত একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেশটির কপিরাইট সংস্কারের আহ্বান জানানো হয়েছে। এআই প্রতিষ্ঠানগুলোর কপিরাইট আইন শিথিল করার তদবিরের বিরুদ্ধে বিশ্বজুড়ে যে প্রতিরোধ গড়ে উঠছে, এই আবেদন তারই সর্বশেষ উদাহরণ।
শিল্পীদের বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সরকার যেন বিশ্বের স্রষ্টাদের কাজের চুরি তাদের মাটিতে বৈধ না করে। তাঁদের কাজ অস্ট্রেলিয়ায় এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করতে হলে তাঁদের স্পষ্ট অনুমতি লাগবে।
সাবেক প্রযুক্তি নির্বাহী এড নিউটন-রেক্সের উদ্যোগে গড়া এই প্রচারে ৭ হাজারের বেশি শিল্পী সমর্থন দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাহিত্যিক জোয়ান হ্যারিস, বনি গারমাস ও অ্যান্ড্রু মোশন; শিল্পী টিম ফ্ল্যাচ, মাইয়া কোবাবে ও উড্রো ফিনিক্স; এবং সংগীতশিল্পী আন্দ্রেয়া ট্রায়ানা, স্টিভ জোন্স ও অ্যান্থনি ফিলিপস।
গত সপ্তাহে এলটন জন ‘নট এআই’স টু টেক’ প্রচারে সমর্থন দিয়েছিলেন। এটি অস্ট্রেলিয়ার সৃজনশীল ব্যক্তিদের একটি জোট, যারা কপিরাইট আইন বদলের উদ্যোগের বিরোধিতা করছে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন, স্রষ্টাদের কাজের জন্য অর্থ না দেওয়া হলে তা চুরি হবে। তবে কিছু এআই প্রতিষ্ঠান বলেছে, বিদ্যমান কপিরাইট আইনের আওতায় আলাদা আলাদা লাইসেন্স চুক্তি করা খুব কঠিন। তারা বলেছে, অস্ট্রেলিয়ায় বিনিয়োগ ও মডেল প্রশিক্ষণের আগে কপিরাইট বিষয়ে আইনি নিশ্চয়তা দরকার। অ্যানথ্রপিক একটি ‘অপ্ট-আউট’ মডেল প্রস্তাব করেছে, যেখানে অধিকারধারী আপত্তি না জানালে সৃজনশীল কাজ সংগ্রহ করা যাবে।
পার্লামেন্টের এআইবিষয়ক যৌথ স্থায়ী কমিটি মঙ্গলবার ৪০০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ডেটা সেন্টার থেকে অনলাইন নিরাপত্তা পর্যন্ত নানা বিষয়ে ডজনখানেক সুপারিশ রয়েছে। প্রতিবেদনের বড় অংশজুড়ে ছিল কপিরাইট। কমিটির সংখ্যাগরিষ্ঠ মত, যেখানে ডেভিড পোককসহ কয়েকজন ব্যতিক্রম ছিলেন, সরকারকে অস্ট্রেলিয়ার কপিরাইট সুরক্ষা শক্তিশালী করার সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে এমন একটি ব্যবস্থা গড়া, যাতে অস্ট্রেলিয়ায় বড় ভাষা মডেল প্রশিক্ষণ দেওয়া এআই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অস্ট্রেলিয়ার অধিকারধারী ও স্রষ্টারা সহজে ও ন্যায্যভাবে অর্থ পান।
লেবার সংসদ সদস্য জো ব্রিস্কির সভাপতিত্বে করা প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোকে চুক্তি করতে উৎসাহ দেওয়ার কথাও বলা হয়েছে।
তবে পোকক কপিরাইট পরিবর্তন নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন। তিনি কপিরাইট পরিবর্তনে তিন বছরের স্থগিতাদেশ চেয়েছেন এবং এআই প্রতিষ্ঠানগুলোর সুবিধার জন্য তাড়াহুড়ো করে আইন বদলানোর বিরুদ্ধে সতর্ক করেছেন।
সংগীত প্রকাশক গোষ্ঠী আপ্রা অ্যামকসের প্রধান নির্বাহী ডিন ওর্মস্টন এই মাসে গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেছিলেন, কপিরাইট কাঠামোতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো কাউকে আলোচনার টেবিলে বসানো।



