রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ধরনের ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে জনসাধারণকে এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়েছে। তবে ডিএমপির ভাষ্য, ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই; ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।
ডিএমপি জানায়, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার করলে জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।
আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।




