যুদ্ধে সংকুচিত খাদ্য সরবরাহের পথ, ঝুঁকিতে ৭৩ লাখ মানুষের সহায়তা: ডব্লিউএফপি
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ সতর্ক করে বলেছেন, তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে বিঘ্ন ঘটায় খাদ্য ও মানবিক সহায়তার ব্যয় বেড়ে যাচ্ছে এবং লাখ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানো ঝুঁকির মুখে পড়েছে।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে লিন্ডবার্গ বলেন, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব ও কৃষ্ণসাগর—এই তিন পথ মিলে তৈরি হয়েছে একটি ‘ত্রিমুখী সংকটস্থল’, যা খাদ্য রপ্তানি ও কৃষি উপকরণের সরবরাহ নাটকীয়ভাবে সংকুচিত করে ফেলেছে।
তিনি বলেন, এর সঙ্গে সংঘাতের বিস্তার এবং এল নিনোর মতো জলবায়ু ধাক্কা যুক্ত হওয়ায় খাদ্য উৎপাদন ও দামের ওপর এর প্রভাব খুবই বাস্তব হয়ে উঠেছে।
ডব্লিউএফপির হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সংস্থাটির অতিরিক্ত ব্যয় দাঁড়াবে ৭২ কোটি ৭০ লাখ ডলার, যার ফলে ৭৩ লাখ মানুষের সহায়তা ঝুঁকিতে পড়তে পারে।
লিন্ডবার্গ বলেন, এই অর্থ সরাসরি ডব্লিউএফপির কার্যক্রম থেকে কেটে যাচ্ছে, যার অর্থ দাঁড়ায় আরও কম পরিবারের জন্য আরও কম খাদ্য।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে রয়েছে, আর সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কিছু অংশে দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে।
বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ যায় হরমুজ প্রণালি দিয়ে। অন্যদিকে কৃষ্ণসাগর হলো সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর শস্যের প্রধান উৎস; ইয়েমেন তার খাদ্যের ৯০ শতাংশই আমদানি করে।
ডব্লিউএফপি জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বসফরাস প্রণালি দিয়ে গম ও ভুট্টা বহনকারী জাহাজের চলাচল আগের বছরের তুলনায় ৬৩ শতাংশ কমে গেছে। রাশিয়া ও ইউক্রেনের প্রায় এক কোটি টন গম বিশ্ববাজারে পৌঁছাতে না-ও পারে—যা দিয়ে আনুমানিক চার কোটি ৪০ লাখ মানুষের খাদ্য জোগান দেওয়া যেত।
লিন্ডবার্গ বলেন, এটি উৎপাদনের সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক সমস্যা। শস্য আছে, কিন্তু তা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাচ্ছে না।
সুদানে ফেব্রুয়ারির পর থেকে একটি মৌলিক খাদ্যতালিকার খরচ বেড়েছে ১৩০ শতাংশ।
সদস্য দেশগুলোর প্রতি তিনটি ‘লাল রেখা’ মেনে চলার অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন লিন্ডবার্গ—আর কোনো দুর্ভিক্ষ নয়, খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার নয় এবং মানবিক কর্মীদের ওপর হামলা নয়।


