হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদিসহ পাঁচজনকে ৭৪ ঘা বেত্রাঘাত
হিজাব না পরে কনসার্টে গান পরিবেশন করায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদি এবং তার দলের আরও চার সদস্যকে প্রত্যেককে ৭৪ ঘা করে বেত্রাঘাত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শিল্পী ও তার সঙ্গীদের আইনজীবী এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন বলে আল মনিটর খবর প্রকাশ করেছে।
ইরানের সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাতে জানিয়েছে, জনসমক্ষে অশালীন আচরণ এবং ইন্টারনেটে অনৈতিক ও অশ্লীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর পারাস্তু আহমাদি ও তার চার সহযোগীর ওপর এই দণ্ড কার্যকর করা হয়।
আইনজীবী দলের এক সদস্য জানান, পবিত্র নগরী কোমে গায়িকা পারাস্তু আহমাদি, ওই অনুষ্ঠানে অংশ নেওয়া তিন বাদ্যযন্ত্রশিল্পী এবং গায়িকার প্রযোজককে এই সাজা দেওয়া হয়েছে।
বেত্রাঘাতের পাশাপাশি আগামী দুই বছরের জন্য তাদের ভ্রমণ এবং যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি কোম শহরে হাতাকাটা পোশাক পরে হিজাব ছাড়াই একটি কনসার্টে ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। ওই আয়োজনের ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে; ভিডিওটি ইতোমধ্যে ৩৩ লাখের বেশিবার দেখা হয়েছে এবং চ্যানেলটির গ্রাহকসংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে।
কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হলেও স্বল্প সময়ের মধ্যেই তিনি মুক্তি পান। পরে গত জুনে আদালত তাকে প্রথমবার দোষী সাব্যস্ত করলে সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের ঢিলেঢালা পোশাক ও চুল ঢেকে রাখা আইনিভাবে বাধ্যতামূলক। তবে সময়ে সময়ে আইনটির প্রয়োগে ভিন্নতা দেখা গেছে।
২০২২ সালে সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাববিহীন অবস্থায় নারীদের উপস্থিতি আরও প্রকাশ্য রূপ নেয়।
গত সেপ্টেম্বরে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল মন্তব্য করেছিলেন, যুদ্ধাবস্থার কারণে কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছানুযায়ী কঠোরভাবে হিজাব আইন প্রয়োগ করতে পারছে না।
গত অক্টোবরের শেষ ভাগে শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক সভায় তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজাবসংক্রান্ত বিধিমালা কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
শালীনতা ও হিজাব বিধি লঙ্ঘনের অভিযোগে ইরানে এর আগেও শিল্পীদের গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ২০২৩ সালে একটি গানের মাধ্যমে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানোয় সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়েছিল; একই বছর তিনি জামিনে মুক্তি পান।
২০২৪ সালে প্রকাশ্যে হিজাব ছাড়া গান গেয়ে ভিডিও ধারণের দায়ে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। তার মুক্তির সুনির্দিষ্ট সময় জানা না গেলেও ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন। বিবিসি ও ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


