…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

কক্সবাজারে চালু হলো বিলাসবহুল প্রমোদতরী ‘এইন রিভার ক্রুজ’, এক টিকিটে ৮০ পদের খাবার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে পর্যটকদের জন্য চালু হয়েছে বিলাসবহুল প্রমোদতরী ‘এইন রিভার ক্রুজ’। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাটে ফিতা কেটে প্রমোদতরীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

প্রায় এক হাজার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এই ভাসমান রেস্টুরেন্ট কক্সবাজারের বাঁকখালী নদী, মহেশখালী চ্যানেল, বঙ্গোপসাগরের মোহনা, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপের নৌপথে চলাচল করবে। এক টিকিটেই মিলবে ৮০ পদের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নদী ও সাগরের সৌন্দর্য উপভোগের সুযোগ।

এইন রিভার ক্রুজের ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবস্থাপক আনোয়ার কামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বর্তমান সরকার বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রধানমন্ত্রী পর্যটনশিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান।

লুৎফুর রহমান কাজল বলেন, সময়ের সংকটে যেসব পর্যটক প্রবালদ্বীপ সেন্টমার্টিন যেতে পারেন না, তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিনোদন ও ভ্রমণের ক্ষেত্রে এই প্রমোদতরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

ভ্রমণের সময় পর্যটকদের চোখে পড়বে দুই পাশের সবুজে ঘেরা ম্যানগ্রোভ বন, পাহাড়ি দ্বীপের দৃশ্য, নদীর স্বচ্ছ পানি এবং সাগরে জেলেদের মাছ ধরার কর্মব্যস্ততা। বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে সমুদ্রের দিকে সম্প্রসারিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, বায়ুবিদ্যুৎকেন্দ্রের সারি সারি টারবাইন এবং খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প।

জাহাজের ভেতরেও রয়েছে পর্যটকদের জন্য নানা সুযোগ-সুবিধা। চারপাশের দৃশ্য উপভোগের জন্য রয়েছে বিশাল উন্মুক্ত খাবারের স্থান, মানসম্মত খাবারের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিনোদনের নানা ব্যবস্থা। ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও ব্যবস্থাপক আনোয়ার কামাল আশা প্রকাশ করেন, নিরাপদ ও আরামদায়ক নৌভ্রমণের এই নতুন যাত্রা কক্সবাজারে আসা পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে।

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে প্রতিদিন দুই দফায় চলাচল করবে প্রমোদতরীটি। প্রথম যাত্রা সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং দ্বিতীয় যাত্রা বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। জনপ্রতি ১ হাজার ৮০০ টাকার টিকিটে ছয় ঘণ্টার নৌভ্রমণের পাশাপাশি নানা পদের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন পর্যটকরা।

পর্যটনসংশ্লিষ্টদের মতে, কক্সবাজারের পর্যটন এতদিন মূলত সমুদ্রসৈকতকেন্দ্রিক ছিল; অথচ এ জেলার নদী, সাগর, পাহাড় ও দ্বীপ ঘিরে রয়েছে পর্যটনের বিপুল সম্ভাবনা। পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে এসব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো গেলে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তারা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রমোদতরী সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটনের পাশাপাশি নদী ও দ্বীপকেন্দ্রিক পর্যটনের বিকাশে ভূমিকা রাখবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।