পূর্ব কঙ্গোতে বিমান নিখোঁজ, ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে দেশটির একটি বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী ফ্রন্ট ফর দ্য রিফাউন্ডেশন অব দ্য নেশন (এফআরএন) দাবি করেছে, তারা একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, রোববার ‘খারাপ আবহাওয়ার’ মধ্যে একটি ছোট সেসনা ২০৮ পণ্যবাহী বিমানের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ও এর আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অনিশ্চিত বলে জানিয়েছে তারা। বিমানটির সন্ধানে তল্লাশি চলছে।
একই দিনে এফআরএন বলেছে, দক্ষিণ কিভু প্রদেশের মিনেম্বওয়ে শহরে বোমা হামলা চালানোর প্রস্তুতি নেওয়া একটি যুদ্ধবিমানকে তারা গুলি করে ভূপাতিত করেছে। বিদ্রোহীদের দাবি, বিমানটিতে চারজন আরোহী ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, আরোহীদের মধ্যে একজন উগান্ডার নাগরিক ও একজন দক্ষিণ আফ্রিকার পাইলট ছিলেন। দক্ষিণ আফ্রিকার পাইলটকে জীবিত আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে বিদ্রোহীদের এই দাবি বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
সেনাবাহিনীর নিখোঁজ ঘোষণা করা বিমান আর বিদ্রোহীদের ভূপাতিত দাবি করা বিমান একই কি না, তাও এখনো স্পষ্ট নয়।
এদিকে উগান্ডার সেনাবাহিনী সোমবার কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবার নামে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিনেম্বওয়েতে ভূপাতিত বিমানের সঙ্গে ইউপিডিএফের কোনো সম্পর্ক নেই। আমরা ওই কোম্পানিকে শাস্তি দিয়েছি।’ তবে বিবৃতিতে কোম্পানিটির নাম বা কী শাস্তি দেওয়া হয়েছে, তা বলা হয়নি।
পরে জেনারেল কাইনেরুগাবা আরেক পোস্টে বলেন, ডিআর কঙ্গোতে ভাড়াটে কোম্পানির হয়ে কাজ করার অনুমতি কোনো উগান্ডাবাসীর নেই।
বিদ্রোহীদের এই অস্বীকারের আগে বিমানের ধ্বংসাবশেষের পাশে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে উগান্ডার নাগরিক বলে পরিচয় দিয়ে দাবি করেন, সরকারই তাঁকে পাঠিয়েছে। ভিডিওটি বা ওই ব্যক্তির পরিচয় বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম মেইল অ্যান্ড গার্ডিয়ান এফআরএনের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাইলট দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং একজন ‘ভাড়াটে’, যাঁর সঙ্গে ধ্বংস করতে আসা জায়গাটির কোনো সম্পর্ক নেই। এফআরএনের উপমুখপাত্র অস্কার বালিন্দা ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘দুর্ভাগ্যবশত পূর্ব ডিআর কঙ্গোতে আমাদের বহু দেশের সংঘাত চলছে।’
কঙ্গো সরকার অতীতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বিদেশি ভাড়াটে সেনা ব্যবহার করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে এফআরএন ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। বিদ্রোহীদের অভিযোগ, সরকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে। গত বছর বড় ধরনের ভূখণ্ড অগ্রগতির পর বিদ্রোহীরা পূর্ব ডিআর কঙ্গোর বড় শহর গোমাসহ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।
সহায়তা সংস্থাগুলো বলছে, সহিংসতার কারণে স্বাস্থ্যসেবা ক্রমেই ব্যাহত হচ্ছে। গত সপ্তাহান্তে চিকিৎসা দাতব্য সংস্থা মেদসাঁ সাঁ ফ্রন্তিয়ের জানিয়েছে, উত্তর কিভুতে লড়াইয়ের কারণে তাদের কয়েকটি দলকে প্রচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, লড়াই ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলার কাজকেও প্রভাবিত করেছে; অনেক স্বাস্থ্যকর্মী আটকা পড়েছেন। এই প্রাদুর্ভাবের কেন্দ্র পূর্ব ডিআর কঙ্গোতেই, যে অঞ্চল কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত এবং যার কিছু এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।



