প্রথমবার বিদেশি নভোচারী নিয়ে মহাকাশে যাচ্ছে চীন, পাকিস্তানের জিশান আলী যাচ্ছেন তিয়াংগং স্টেশনে
প্রথমবারের মতো চীনের কোনো মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছেন একজন বিদেশি নভোচারী। পাকিস্তানের পেলোড বিশেষজ্ঞ মুহাম্মদ জিশান আলী বুধবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা হবেন এবং তিনিই হবেন ওই স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের মানববাহী মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মিশনটি যাত্রা শুরু করবে। নভোচারীদের বহনকারী লং মার্চ-২এফ রকেটে শিগগিরই জ্বালানি ভরা হবে বলেও জানান তিনি।
তিয়াংগং মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে সাধারণত তিন সদস্যের একটি নভোচারী দল থাকে এবং প্রতি ছয় মাস অন্তর দলের সদস্যদের পরিবর্তন করা হয়। আসন্ন এই অভিযানেই সেই নিয়মিত বদলির অংশ হিসেবে স্টেশনে যাচ্ছেন জিশান আলী।
নভোচারীদের পরিচয় করিয়ে দিতে আয়োজিত আরেকটি সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘আমি আমার কাঁধে বহন করছি পাকিস্তানের নাম, ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষা।’ তিনি আরও বলেন, ‘আমি যখন মহাকাশে থাকব, তখন যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের বলব—আকাশের দিকে তাকাও এবং মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’ ওই আয়োজনে তিনি সাবলীলভাবে ম্যান্ডারিন ও উর্দু ভাষায় কথা বলেন।
জিশান আলীর এই মহাকাশ সফর হবে বেশ সংক্ষিপ্ত। পৃথিবীর কক্ষপথে প্রায় পাঁচ দিন অবস্থান শেষে গত মে মাসে তিয়াংগং স্টেশনে যুক্ত হওয়া শেনঝৌ-২৩ মহাকাশযানে চড়ে তিনি পৃথিবীতে ফিরে আসবেন।
তবে মহাকাশ ভ্রমণকারী প্রথম পাকিস্তানি নাগরিক জিশান আলী নন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক-০৪ মিশনের মাধ্যমে মহাকাশে গিয়েছিলেন মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম।
বর্তমানে তিয়াংগং স্টেশনে দায়িত্ব পালন করছেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝুর নেতৃত্বে হংকংয়ের প্রথম নভোচারী ও স্টেশনের একমাত্র নারী সদস্য লাই কাইইং এবং ৪০ বছর বয়সী ঝাং ঝিইউয়ান। নতুন দল স্টেশনে পৌঁছানোর পর লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন জিশান আলী।
স্টেশনে থেকে যাবেন ঝু ইয়াংঝু। এর মধ্য দিয়ে চীনের ইতিহাসে প্রথমবারের মতো একটানা এক বছর মহাকাশে কাটানোর মাইলফলক স্পর্শের চেষ্টা চালাবেন তিনি, যা ভবিষ্যতে চাঁদ ও আরও দূরবর্তী মহাকাশ অভিযানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
পরবর্তী ছয় মাসের জন্য ঝু ইয়াংঝুর সঙ্গে স্টেশনে যোগ দেবেন ৫১ বছর বয়সী অভিজ্ঞ নভোচারী তাং হংবো এবং ত্রিশের কোঠার শেষ দিকে থাকা উ ই, যিনি প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন।
সিএমএসএ মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, বর্তমানে সব নভোচারী সুস্থ রয়েছেন, মহাকাশ স্টেশনটি স্বাভাবিক গতিতে সচল রয়েছে এবং সফল মিশন পরিচালনার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা ও অভিযানে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে বেইজিং, যার মূল লক্ষ্য এ খাতে প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা ব্যবধান কমিয়ে আনা। অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের গভীর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকায় মহাকাশ কার্যক্রমে ইসলামাবাদ বেইজিংয়ের অংশীদার হয়ে উঠেছে।


