মেক্সিকোতে বাড়িতে অভিযান চালিয়ে মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’কে আটকের ভিডিও প্রকাশ

মেক্সিকোতে সেনারা একটি বাড়িতে ঢুকে বহু বছর ধরে পলাতক এক মাদক সম্রাটকে আটক করেছেন—নতুন প্রকাশিত বডিক্যাম ফুটেজে সেই মুহূর্ত দেখা গেছে। আটক ব্যক্তির নাম ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেস, যিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত।
ভিডিওতে দেখা যায়, সশস্ত্র সদস্যরা একটি গ্যারেজ দিয়ে বাড়িতে ঢুকে মেসা ফ্লোরেসকে খুঁজে পান। তিনি যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।
মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, গত শুক্রবারের ওই অভিযানে সাতজন সন্দেহভাজন নিহত হয়েছেন। গুয়াসাভেতে নিরাপত্তা জোরদার করতে যাওয়ার পথে মেক্সিকান সেনাবাহিনীর চার সদস্যও নিহত হন।
উত্তরাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে মেসা ফ্লোরেসের এই গ্রেপ্তারের পর এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে।
সেই পাল্টা সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আটজন কথিত মাদক চক্রের সদস্যকে আটক করা হয়েছে।




