যুক্তরাজ্যে বক্তৃতা দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ভারতের ‘ককরোচ’ আন্দোলনের নেতা সৌরভ দাসকে

ভারতের যুবনেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনের অন্যতম নেতা সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি বলে তিনি নিজে জানিয়েছেন। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ আন্দোলন নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর।
সৌরভ দাসের বয়স ২৭ বছর। তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) সামনের সারিতে রয়েছেন। গত মে মাসে যাত্রা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অনুসারীর সংখ্যা লাখ লাখে পৌঁছেছে।
মঙ্গলবার ভোরে দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল সৌরভের। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাঁকে বলেন, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে। এরপর আর তাঁকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌরভ দাস লিখেছেন, ‘এই ভীরু সরকার আমাকে লন্ডনের ফ্লাইটে উঠতে দেয়নি, যেখানে অক্সফোর্ড, কেমব্রিজ, এলএসই (লন্ডন স্কুল অব ইকোনমিকস) ও এডিনবরার মতো মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ককরোচ আন্দোলন নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’ তিনি আরও লিখেছেন, ভারতীয় শিক্ষার্থীরা মনপ্রাণ দিয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
সৌরভের ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বক্তৃতা দেওয়ার কথা ছিল।
এই ঘটনার এক মাস আগে দিল্লিতে নিরাপত্তা বলয় অমান্য করে প্রতিবাদে অংশ নেওয়ায় সৌরভকে আটক করা হয়েছিল। সেই প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়েছিল।
গত জুলাই মাসে সিজেপির আয়োজিত প্রতিবাদে পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই প্রতিবাদের পর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, যা নরেন্দ্র মোদির সরকারের জন্য একটি বিরল পিছু হটা হিসেবে বর্ণনা করা হয়েছে।
সমালোচকদের মতে, ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা কমেছে। চলতি মাসের শুরুর দিকে বিরোধী দল কংগ্রেস আয়োজিত একটি গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে আসা ১০০ জনের বেশি বিদেশি বক্তাকে ভারত ভিসা দেয়নি। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন একজন নরওয়েজিয়ান সাংবাদিক, যিনি এর আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করেছিলেন।
এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। ২০২২ সালে ভারতশাসিত কাশ্মীরের পুরস্কারজয়ী আলোকচিত্রী সান্না ইরশাদ মাত্তুকে পুলিৎজার পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়তে বাধা দেওয়া হয়েছিল।



