মানিকগঞ্জের ঘিওরে কর্মস্থল থেকে না ফেরা পোশাকশ্রমিক চম্পা বেগমের মরদেহ মিলল বাড়ির পাশে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পর রাতে বাড়ি না ফেরা পোশাকশ্রমিক চম্পা বেগমের (৪০) মরদেহ নিজ বাড়ির পাশে পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বাড়ির পাশে বাথরুমের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানা গেছে, আর এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কর্মরত ছিলেন।
চম্পা প্রতিদিন সকালে কর্মস্থলে যেতেন এবং রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে কাজে যাওয়ার পর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে পুত্রবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এরপর থেকে চম্পা গার্মেন্টসে কাজ করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।
এসআই সুমন চক্রবর্তী আরও বলেন, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।




