পিউ গবেষণা: ২০৭০ সালেও ভারত থাকবে বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, সবচেয়ে বেশি মুসলমান থাকবে পাকিস্তানে

আগামী প্রায় পাঁচ দশক ধরে ভারতে হিন্দুরাই ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ থাকবেন, যদিও দেশটির ধর্মভিত্তিক জনসংখ্যার গঠন ধীরে ধীরে পরিবর্তিত হবে। পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন গবেষণায় বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যা ২০৭০ সালে কেমন হতে পারে, তার পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০৭০ সালে হিন্দুরা ভারতের জনসংখ্যার ৭৬ শতাংশ হবেন, আর মুসলমানদের অংশ ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হবে। ২০২০ সালে হিন্দুরা ছিলেন জনসংখ্যার ৭৯ শতাংশ।
এই পরিবর্তন হবে মূলত বয়স ও প্রজনন হারের ফারাকের কারণে। ভারতীয় মুসলিমদের গড় বয়স হিন্দুদের থেকে কম এবং গড়পড়তা হিসাবে তাদের সন্তানের সংখ্যাও বেশি।
গবেষণাটি চালানো হয়েছে ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ওপর ভিত্তি করে, যার ফলে বিশ্ব জনসংখ্যার প্রায় সবটাই এই গবেষণায় অন্তর্ভুক্ত হয়েছে। এতে ২০২০ থেকে ২০৭০ পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার ওপর নজর রাখা হয়েছে এবং ধরে নেওয়া হয়েছে যে ওই গোষ্ঠীগুলোর জনবিন্যাসের সাম্প্রতিক প্রবণতা পুরো সময়কাল জুড়ে একই থাকবে।
প্রায় ৩৩ দশমিক ৪ কোটি মুসলমান নিয়ে ভারত ২০৭০ সালের মধ্যে পাকিস্তানের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রায় ৪৬ দশমিক ১ কোটি মুসলমান নিয়ে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে। গবেষণায় বাংলাদেশের মুসলিম জনসংখ্যা ২১ দশমিক ৮ কোটিতে পৌঁছাবে বলেও ধারণা করা হয়েছে।
ভারতের হিন্দু জনসংখ্যা ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ১৭ দশমিক ৬ কোটি বৃদ্ধি পাবে বলে গবেষণায় বলা হয়েছে। অর্থাৎ দেশের জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি এখনকার মতোই হিন্দুরা থাকবেন।
ভারতীয় মুসলিমদের গড় বয়স ২০২০ সালে ছিল ২৪ বছর, যেখানে হিন্দুদের গড় বয়স ছিল ২৯। পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম নারীদের গড়ে ২ দশমিক ৩টি করে সন্তান হবে, যেখানে হিন্দু নারীদের গড় সন্তানসংখ্যা হবে ১ দশমিক ৮।
পিউ রিসার্চ সেন্টারের স্টেফানি ক্রেমার বলেছেন, ‘ভারতে ধর্মীয় জনসংখ্যায় যে পরিবর্তন হবে, আমাদের ধারণা, সেটা পুরোপুরিই চালিত হবে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা জনবিন্যাসগত পার্থক্যের মাধ্যমে, যেখানে মুসলিমরা বয়সে তরুণ এবং তাদের প্রজনন হার বেশি।’ তিনি আরও বলেন, প্রজনন হারের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে — ১৯৯২ সালে প্রতি নারী গড়ে একটি শিশুর জন্ম দিতেন, সেখান থেকে এখন তা অর্ধেক হয়ে গেছে এবং এই হার ক্রমশ কমতে থাকবে।
প্রিন্সটন ইউনিভার্সিটির ভারতীয় জনসংখ্যাবিদ কে এস জেমস বলেছেন, এই পূর্বাভাসগুলো মোটেও অবাক করার মতো নয়। তাঁর কথায়, মুসলিম ও হিন্দুদের মধ্যে প্রজনন হারের ব্যবধান সুপ্রতিষ্ঠিত তথ্য এবং এর অর্থ হলো আগামী কয়েক দশক মুসলিম জনসংখ্যার বৃদ্ধি দ্রুততরই থাকবে। কিন্তু সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই প্রজনন হার কমছে এবং এই ব্যবধান আরও কমে আসার প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, এই পূর্বাভাসগুলো ভারতের জনসংখ্যাগত ধারাবাহিকতায় কোনো নাটকীয় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে না।
জনসংখ্যাবিদরা বলছেন, ধর্মান্তকরণের মাধ্যমে ভারতের জনসংখ্যা পরিবর্তন হচ্ছে — এমন কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই। পূর্বাভাসগুলোতেও এমন কোনো ‘উদ্বেগজনক পরিস্থিতির’ আভাস পাওয়া যাচ্ছে না।
গবেষণায় আরও বলা হয়েছে, ভারত ও নেপালই শুধু বিশ্বের দুটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে থাকবে।
তবে এগুলো জনসংখ্যাগত পূর্বাভাস। পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষণায় ধরে নিয়েছে যে প্রজননের সাম্প্রতিক ধরন, অভিবাসন ও ধর্ম পরিবর্তনের প্রবণতা অব্যাহত থাকবে। গবেষণায় বলা হয়েছে, ‘অনেক ঘটনা আছে যা ধর্মীয় জনগোষ্ঠীকে প্রভাবিত করতে পারে, যেমন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি এবং অর্থনৈতিক বা সামাজিক পরিস্থিতির পরিবর্তন, যা এখানে বিশ্লেষণ করা হয়নি।’ ভারতের ক্ষেত্রে ধর্মীয় গঠনের ভিত্তি ধরা হয়েছে ২০২০ সালকে, যা আসলে ২০১১ সালের আদমশুমারিতে ধরা পড়েছিল, কারণ এরপর আদমশুমারি পিছিয়ে গেছে।



