ক্রেডিট কার্ডের সুদে ১০ শতাংশের সীমা বাঁধতে আগ্রহী ট্রাম্প, ওয়ারেনের সঙ্গে কাজের ইঙ্গিত

ক্রেডিট কার্ডের সুদের হারে সীমা বাঁধার বিষয়ে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেনের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদের হার ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাবে তিনি আগ্রহ দেখিয়েছেন।
সপ্তাহান্তে ফক্স নিউজে কেইলি ম্যাকেনানির সঙ্গে আলাপে ট্রাম্প এক বছরের জন্য সুদের হার ও ঋণদাতাদের ফিতে সীমা বাঁধার বিষয়ে খোলামেলা মনোভাব জানান। তিনি বলেন, ‘আমি এটা করব।’ ট্রাম্প আরও বলেন, ‘এই ক্রেডিট কার্ড কোম্পানিগুলো অনেক আয় করেছে এবং তারা যে ফি নেয়, আমি পুরোপুরি এর পক্ষে।’
প্রেসিডেন্ট স্বীকার করেন, কেউ কেউ বলতে পারেন এটি মুক্ত উদ্যোগের পরিপন্থী। তবে তাঁর ভাষায়, ‘মুক্ত উদ্যোগ কোথায়, যখন আপনি বাড়িতে বসে থাকেন আর পার্ক অ্যাভিনিউর অফিসে বসে কেউ এমন ফি ঠিক করে দেয়, যা অতিরিক্ত বেশি?’
ট্রাম্পের জন্য এই ভাবনা নতুন নয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেই তিনি প্রথম ক্রেডিট কার্ডের সুদে সীমা বাঁধার প্রস্তাব দিয়েছিলেন।
তবে বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, সুদের হারে কৃত্রিম সীমা বাঁধলে, সীমিত সময়ের জন্য হলেও, ক্রেডিট কার্ড কোম্পানিগুলো ঋণ দেওয়া সীমিত করে দিতে পারে। কিছু কোম্পানি ২০ শতাংশের বেশি সুদ নেয়; বিশ্লেষণ অনুযায়ী, ক্ষতি পোষাতে তাদের বেশি সুদ নিতে হয়। সুদ বাধ্যতামূলকভাবে কমালে উচ্চ ঝুঁকির বা সাবপ্রাইম ঋণগ্রহীতারাই সবার আগে ঋণ পাওয়ার সুযোগ হারাতে পারেন।
কমিটি টু আনলিশ প্রসপারিটির একটি বিশ্লেষণে আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ক্রেডিট বাজার জরিপের তথ্য টেনে বলা হয়েছে, বিদ্যমান ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের ৭৪ থেকে ৮৫ শতাংশ বন্ধ হয়ে যেতে পারে বা সেগুলোর ঋণসীমা কমতে পারে, যাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন ১৩ কোটি ৭০ লাখ থেকে ১৫ কোটি ৯০ লাখ কার্ডধারী।
সুদের আইনি সীমা নিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের একটি গবেষণাও একই ধরনের ফল দেখিয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে আরোপিত এসব সীমার ফলে ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতাদের ঋণ দেওয়া কমে গেছে বলে গবেষণায় উঠে এসেছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের তথ্য অনুযায়ী, ২০২১ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ক্রেডিট কার্ডের বকেয়া বেড়েছে ৬৭ শতাংশ, যা ভোক্তা ব্যয় বাড়াতে সাহায্য করেছে।
এদিকে ‘সবার জন্য মেডিকেয়ার’ প্রস্তাব নিয়ে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদের সঙ্গেও ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার আভাস পাওয়া গেছে। এল-সায়েদ তাঁর প্রস্তাবকে ‘ট্রাম্পকেয়ার’ নামে অভিহিত করে প্রেসিডেন্টকে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং একটি সোনালি ক্রেডিট কার্ডের ছবি পোস্ট করেছেন, যা প্রেসিডেন্ট আবার পোস্ট করেছেন।
তবে গত বছর এনবিসির এক জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ আমেরিকান তাঁদের স্বাস্থ্যবিমা কভারেজ নিয়ে সন্তুষ্ট। আমেরিকানদের প্রায় দুই-তৃতীয়াংশের ব্যক্তিগত স্বাস্থ্যবিমা রয়েছে, যার বেশির ভাগই নিয়োগদাতার দেওয়া।




