জিয়াউল আহসান সরাসরি ১১৫ জনের বেশি হত্যায় জড়িত, ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে উঠে এসেছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষীদের বর্ণনা অনুযায়ী বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।
আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। তবে তাঁদের মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সাক্ষীরা জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপরাধ করেছেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে।
তিনি আরও বলেন, এমনকি তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াও তাঁকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে সাক্ষ্যে জানানো হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও বারবার পদোন্নতি পেয়েছেন জিয়াউল আহসান। একপর্যায়ে তিনি মেজর জেনারেল হয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্বে না ফিরে দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন জিয়াউল আহসান। এ সময় শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দল ও মতের লোকজনকে দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।
তৎকালীন সেনাপ্রধান ছাড়াও মেজর সাব্বির, মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সামরিক কর্মকর্তারা তাঁদের সাক্ষ্যে জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলামের ভাষ্য, বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছেন জিয়াউল আহসান। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে।




